রাজশাহীতে ট্রেনে ধোঁয়া, এক বগি ছাড়া বিলম্বে যাত্রা
রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি আন্তঃনগর ট্রেনের একটি বগিতে ধোঁয়া বের হওয়ায় এক ঘণ্টা বিলম্বে ছেড়ে যায় ট্রানটি। রোববার সকালে রাজশাহী রেল স্টেশন এ ঘটনা ঘটে।
পশ্চিম রেলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, সাগরদাঁড়ি ট্রেনটি খুলনার উদ্দেশে ছাড়ার জন্য স্টেশনে অপেক্ষা করছিল। সকাল ৬টা ৪০ মিনিটে ট্রেনটি ছাড়ার কথা ছিল। বেশিরভাগ যাত্রীই ট্রেনে উঠে যান।
“ট্রেনটি ছাড়ার ১০ মিনিট আগে হঠাৎ ‘ঝ’ বগির টয়লেট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ধোঁয়া ছড়িয়ে পড়ে বগির মধ্যেও। এতে আতঙ্কে যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। এরপর রেলকর্মীরা নিজেরাই দ্রুত ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন।”
এক ঘণ্টা পর ৭টা ৪০ মিনিটে সাগরদাঁড়ি ট্রেনটি ছেড়ে যায় বলে তিনি জানান।
অসীম কুমার আরও জানান, টয়লেটের পাশের সুইচে এসির পানি পড়ে শর্ট সার্কিট হয়ে এই ধোঁয়ার সৃষ্টি হয়। পরে বগিটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয়। এরপর ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়।
“তবে ‘ঝ’ বগির যাত্রীদের যারা অন্য বগিতে যেতে চেয়েছেন; তারা ওই ট্রেনেই চলে গেছেন। আর যারা ওই ট্রেনে যেতে চাননি তাদের টিকিট নিয়ে টাকা ফেরত দেওয়া হয়েছে।”
