২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁয়ে বিএনপির কার্যালয়সহ আগুনে পুড়েছে ৫ দোকান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদি ইউনিয়নের বারদি বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়সহ পাঁচটি দোকান আগুনে পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2022, 11:32 AM

Updated : 25 Oct 2022, 10:42 AM

বুধবার গভীর রাতে লাগা এ আগুনে দোকানগুলোর প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে সোনারগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার থেকে বারদী আশ্রমে উৎসব ও মেলা শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে বারদি বাজারের দোকানিরা দোকানে বাহারী পণ্য মজুত করে রেখেছিলেন। রাতে দোকানগুলোতে হঠাৎ আগুন লেগে গেলে গ্রামবাসী প্রথমে তা নিজেদের চেষ্টায় নেভানোর চেষ্টা করেন। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেন তারা।

ফায়ার সার্ভিস কর্মকর্তা তানহারুল বলেন, “তাদের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে স্থানীয় বিএনপির পরিত্যাক্ত একটি কার্যালয়সহ পাঁচটি আধাপাকা দোকান আগুনে পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।”

সোনারগাঁ উপেজলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, “বারদী বাজারে আমাদের ইউনিয়ন বিএনপির কার্যলয়টি আসবাবপত্র ও অন্যান্য মালামালসহ পুড়ে গেছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা আমরা এখনও জানতে পারিনি।”