২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অনন্তের ‘শূন্যতা’ নিয়ে স্বস্তির আশায় রায়ের অপেক্ষা

সিলেটের বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় ন্যায়বিচার চেয়েছে তার পরিবার।

মঞ্জুর আহমদ

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2022, 12:45 AM

Updated : 25 Oct 2022, 10:21 AM

হত্যাকাণ্ডের সাত বছর পর বুধবার সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে এ মামলার রায়ের দিন রেখেছেন বিচারক নুরুল আমীন বিপ্লব।

বাদী, রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের চার দিনের যুক্তিতর্ক শুনানি নিয়ে এবং মামলায় পলাতক তিন আসামির আত্মপক্ষ সমর্থনকারী আইনজীবীদের বক্তব্য শুনে আদালত ১৪ মার্চ মামলার রায়ের তারিখ ঘোষণা করে।

সিলেট নগরের সুবিদবাজারে নূরানী আবাসিক এলাকার ২০১৫ সালের ১২ মে বাসার সামনে খুন হন ব্লগার অনন্ত বিজয় দাশ। পেশায় ব্যাংকার অনন্ত বিজ্ঞান নিয়ে লেখালেখির পাশাপাশি ‘যুক্তি’ নামে বিজ্ঞানবিষয়ক একটি পত্রিকা সম্পাদনা করতেন। পাশাপাশি তিনি স্থানীয় গণজাগরণ মঞ্চেরও সংগঠক ছিলেন।

হত্যার পরদিন ২০১৫ সালের ১৩ মে তার বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

অনন্ত বিজয়ের বড় বোন পঞ্চত্রপা দাশ ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাংকার অনন্ত বিজয় অফিস থেকে ফিরে বেশিরভাগ সময় লেখালেখিতেই ব্যস্ত থাকতেন। কারও সঙ্গে তার শত্রুতা ছিল না। শুধু লেখালেখির কারণেই একটি গোষ্ঠী তাকে নির্মমভাবে হত্যা করেছে। দীর্ঘদিন পরেও হলেও মামলার রায় হচ্ছে। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

আসামিদের সর্বোচ্চ শাস্তি হলে পরিবারে কিছুটা স্বস্তি আসবে বলে মনে করে অনন্ত বিজয়ের ভগ্নিপতি সমর বিজয়।

তিনি বলেন, ‘অনন্তের শূন্যতা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তবু আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হলে পরিবারে কিছুটা স্বস্তি আসবে।”

সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠক দেবাশীষ দেবু বলেন, “দীর্ঘদিন পরে হলেও অনন্ত বিজয় হত্যা মামলার বিচার কাজ শেষ হয়েছে, রায় হচ্ছে এটা অবশ্যই আশাব্যঞ্জক খবর। আমরা চাই, এই রায়ে ন্যায়বিচায় পাবে অনন্তের পরিবার।"

পলাতক তিন আসামিকে গ্রেপ্তারের চেষ্টায় গাফিলতি ছিল অভিযোগ তুলে তিনি বলেন, “কিন্তু সবচেয়ে শঙ্কার ব্যাপার হলো, মামলায় যে ছয়জনকে অভিযুক্ত করেছে পুলিশ, তাদের মধ্যে তিনজন এখন পর্যন্ত পলাতক। এই দীর্ঘ সময়েও তাদের গ্রেপ্তার করা হয়নি, গ্রেপ্তারের তেমন চেষ্টাও হয়নি। আর একজন আসামি তো মারাই গেছেন।”

দেবু বলেন, “একটি বিশেষ মতাদর্শে প্রভাবিত হয়েই অনন্তকে হত্যা করেছিলো উগ্রবাদীরা।

“এই খুনিদের চিহ্নিত করে বিচারিক প্রক্রিয়ায় তাদের শাস্তি নিশ্চিত করা অবশ্যই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কয়েকজনের শাস্তির মাধ্যমে তাদের তৎপরতা কিছুদিনের জন্য নিষ্ক্রিয় রাখা যাবে হয়তো, কিন্তু নিশ্চিহ্ন করা যাবে না।”

গণজাগরণ মঞ্চের এই সংগঠক বলেন, “এজন্য যে সামাজিক ও রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন তা এখনও অনুপস্থিত। বরং উগ্রতা, বিদ্বেষ সাধারণ মানুষের মাঝেও এখন ছড়িয়ে দেওয়া হচ্ছে। ফলে উগ্রবাদ দমনে আইনি ও বিচারিক প্রক্রিয়ার পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক উদ্যোগও জরুরি।”

অনন্ত বিজয় ‘যুক্তি’ নামের যে পত্রিকাটি সম্পাদনা করতেন তার সঙ্গে বিজ্ঞানমনস্ক আরও অনেকেই যুক্ত ছিলেন। তাদের বেশিরভাগ এখন দেশের বাইরে অবস্থান করছেন। পত্রিকাটির চারটি সংখ্যা বের হওয়ার পর আর বের হয়নি।

‘যুক্তি’ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন সিলেটের বেসরকারি চাকরিজীবী শামসুল আলম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই মামলার রায় হচ্ছে, এটা খুবই ভালো ব্যাপার। আমরা অনন্ত বিজয়ের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

“ন্যায়বিচার না হলে এ ধরনের হত্যাকাণ্ড আরও বাড়বে। একটা সভ্য সমাজে বিজ্ঞানচর্চার কারণে মানুষকে হত্যা করা হবে- এটা কখনোই কাম্য হতে পারে না।“  

আরও পড়ুন

ব্লগার অনন্ত বিজয় হত্যার রায় ৩০ মার্চ  

ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার যুক্তিতর্ক শুরু  

অভিজিত হত্যার আসামি অনন্ত হত্যায়ও  

অনন্ত হত্যার বিচার দাবি নিউ ইয়র্কে  

লেখক-ব্লগার হত্যা: বিচারে গতি নেই  

ব্লগার অনন্ত হত্যার ২ বছরেও বিচার শুরু না হওয়ায় ক্ষোভ  

ব্লগার হত্যা: এগোচ্ছে না তদন্ত