২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লগার অনন্ত বিজয় হত্যার রায় ৩০ মার্চ

সিলেটের বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার রায়ের জন্য ৩০ মার্চ দিন দিয়েছে আদালত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2022, 03:51 PM

Updated : 25 Oct 2022, 10:18 AM

বহুল আলোচিত এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে সোমবার সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব রায়ের তারিখ ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী (পিপি) মুমিনুর রহমান টিটু জানান।

আইনজীবী বলেন, এর আগে, দুপুরে কড়া নিরপত্তায় সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে হাজির করা হয় মামলায় গ্রেপ্তার দুই আসামি আবুল খায়ের রশীদ আহমদ ও সফিউর রহমান ফারাবীকে। পরে পলাতক তিন আসামির আত্মপক্ষ সমর্থনকারী আইনজীবীদের বক্তব্য শুনেন আদালত। বাদীপক্ষ, রাষ্ট্রপক্ষ ও আসামিদের আইনজীবীদের চার দিনের যুক্তিতর্ক শুনানি শেষ হয়।

বাদীপক্ষের আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম বলেন, মামলার ছয় আসামির মধ্যে মান্নান রাহী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আশা করছি, আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে।

২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে নূরানী আবাসিক এলাকার নিজ বাসার সামনে খুন হন ব্লগান অনন্ত বিজয় দাশ। পেশায় ব্যাংকার অনন্ত বিজ্ঞান নিয়ে লেখালেখির পাশাপাশি ‘যুক্তি’ নামে বিজ্ঞানবিষয়ক একটি পত্রিকা সম্পাদনা করতেন।

প্রায় সাত বছরের প্রতীক্ষার অবসান হচ্ছে ব্লগার অনন্ত বিজয় দাসের পরিবারের। রায় ঘোষণার তারিখ হওয়ায় খুশি তারা। তবে সর্বোচ্চ শাস্তি হলে কিছুটা স্বস্তি মিলবে বলে জানান অনন্ত বিজয়ের ভগ্নিপতি সমর বিজয় শী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘ অপেক্ষার পর রায় ঘোষণা হবে। আসামিদের সর্বোচ্চ শাস্তি হলে পরিবারে কিছুটা স্বস্তি আসবে। তবে যে চলে গেছে তার শূন্যতা কখনও পুরণ হবে না।

অনন্ত বিজয়কে হত্যার পরদিন তার বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এতে বিজ্ঞান বিষয়ে লেখালেখির কারণে অনন্তকে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে খুন করেছে বলে অভিযোগ করা হয়।

মামলাটি পুলিশ থেকে অপরাধ তদন্ত বিভাগে স্থানান্তর করা হয়। সিআইডির পরিদর্শক আরমান আলী তদন্ত করে ২০১৭ সালের ৯ মে ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।

অভিযুক্তরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার আবুল হোসেন (২৫), খালপাড় তালবাড়ির ফয়সাল আহমদ (২৭), সুনামগঞ্জের তাহিরপুরের বিরেন্দ্রনগরের (বাগলী) মামুনুর রশীদ (২৫), কানাইঘাটের পূর্ব ফালজুর গ্রামের মান্নান ইয়াইয়া ওরফে মান্নান রাহী ওরফে এবি মান্নান ইয়াইয়া ওরফে ইবনে মঈন (২৪), কানাইঘাটের ফালজুর গ্রামের আবুল খায়ের রশীদ আহমদ (২৫) ও সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় বসবাসকারী সাফিউর রহমান ফারাবী ওরফে ফারাবী সাফিউর রহমান (৩০)।

আসামিদের মধ্যে ফারাবী বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার রায়ে দণ্ডপ্রাপ্ত আসামি।

আসামিদের মধ্যে মান্নান রাহী আদালতে অনন্ত হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তবে ২০১৭ সালের ২ নভেম্বর কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে মান্নান রাহী মারা যান।

এ ছাড়া আবুল হোসেন, ফয়সাল আহমদ ও মামুনুর রশীদ নামের তিন আসামি পলাতক রয়েছেন।

আরও পড়ুন

ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার যুক্তিতর্ক শুরু  

অভিজিত হত্যার আসামি অনন্ত হত্যায়ও