খুলনায় ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত
খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় এক কলেজছাত্র নিহত হয়েছেন; আহত হয়েছেন একজন।
উপজেলার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চুকনগরে মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশের ওসি মেহেদি হাসান জানান।
নিহত রাজন ইসলাম (২০) সাতক্ষীরা শহরের কামালনগরের বাসিন্দা এবং সাতক্ষীরা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
আহত মেহেদি হাসানকে (২২) সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, রাজন ও মেহেদি মোটরসাইকেলে ঢাকায় যাওয়ার পথে বিপরীত দিক একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রাজন মারা যায়।
গুরুতর আহত মেহেদিকে স্থানীয়রা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করায়, বলেন ওসি।
দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়েছে বলে জানান ওসি।
