২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাসানচরের উদ্দেশে আরও ৩ হাজার রোহিঙ্গা

কক্সবাজারের আশ্রয় শিবির থেকে আরও প্রায় তিন হাজার রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে রওনা দিয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2022, 09:26 PM

Updated : 28 Apr 2022, 11:48 PM

দ্বাদশ দফায় বুধবার এই রোহিঙ্গাদের বহনকারী ৬২টি বাস চট্টগ্রামের উদ্দেশে উখিয়া ছেড়েছে বলে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন জানিয়েছেন।

দুপুর ১টায় ও সন্ধ্যা সাড়ে ৬টায় উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে বাসগুলো রওনা দেয়।

তিনি বলেন, দুপুরে উখিয়া-টেকনাফের বিভিন্ন আশ্রয় শিবির থেকে দ্বাদশ দফায় প্রথম ধাপে ২৭টি বাসে এক হাজার ৪৬৩ জন এবং সন্ধ্যায় ৩৫টি বাসে এক হাজার ৫১৯ জন রোহিঙ্গাকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে।

এসব রোহিঙ্গাদের চট্টগ্রামে পৌঁছানোর পর নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সামছু-দ্দৌজা।

রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত সরকারি কর্মকর্তা ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের বহনকারী কয়েকটি বাসও রওনা দেয় বলে জানান এ কর্মকর্তা।

তিনি বলেন, স্বেচ্ছায় ভাসানচর যেতে আগ্রহ প্রকাশকারী রোহিঙ্গাদের নাম তালিকাবদ্ধ করার জন্য উখিয়া ডিগ্রি কলেজ মাঠে একটি অস্থায়ী বুথ খোলা হয়েছে। সেখানে স্বেচ্ছায় ভাসানচর যেতে ইচ্ছুক রোহিঙ্গার নাম নিবন্ধন করা হচ্ছে।

“শুধু স্বেচ্ছায় ভাসানচর যেতে ইচ্ছে প্রকাশকারী নিবন্ধিত রোহিঙ্গাদের ভাসানচর নিয়ে যাওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

২০২০ সালের ৪ ডিসেম্বর কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে প্রথম রোহিঙ্গাদের ভাসানচরের স্থানান্তরের কার্যক্রম শুরু হয়।

এরপর দীর্ঘ আলাপ-আলোচনার মধ্য দিয়ে গত বছরের ৯ অক্টোবর ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার সম্মতি প্রকাশ করে সরকারের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা – ইউএনএইচসিআর।

এর আগে একাদশ দফা পর্যন্ত কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছিল ২২ হাজার ৫৯৬ জন রোহিঙ্গাকে।

এবারের দ্বাদশ দফায় দুই ধাপের ২ হাজার ৯৮২ জনসহ মোট ২৪ হাজার ৫৭৮ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।

সংশ্লিষ্টদের তথ্য মতে, গত ২০২০ সালে সরকার সিদ্ধান্ত নেয় কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হবে। সরকারের ওই সিদ্ধান্ত অনুযায়ী রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

ওই বছরের ডিসেম্বরের মধ্যেই ভাসানচরে রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাসস্থানসহ অবকাঠামোগত সব ধরনের সুযোগ-সুবিধা নির্মাণ ও প্রস্তুতি সম্পন্ন করে সরকার।