২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

চাঁপুরের ফরিদগঞ্জে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার দায়ে এক নারীসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2022, 07:36 PM

Updated : 02 Aug 2022, 03:02 PM

বৃহস্পতিবার চাঁদপুর জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান এই রায় দেন।

দণ্ডিতরা হলেন মো. এমরান হোসেন (২৭), আব্দুল মমিন (৩২) ও বুলু বেগম (৪৫)।

এমরান পূর্ব সাহাপুর গ্রামের মো. আবু শেখের ছেলে, আব্দুল মমিন একই এলাকার মো. সিরাজুল হকের ছেলে এবং বুলু বেগম ওই গ্রামের আবু শেখের স্ত্রী।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৫ সালের ১৭ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে সম্পত্তির বিরোধে আব্দুল হান্নানের বাড়িতে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। গুরুতর আহত ও রক্তাক্ত জখম হন হান্নান ও তার স্ত্রী শামছুন্নাহার বেগম (৩৭)।

হান্নানকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় হান্নানের স্ত্রী শামছুন্নাহার ওই দিনই ফরিদগঞ্জ থানায় কারাদন্ডপ্রাপ্ত তিন জনসহ আট জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন ফরিদগঞ্জ থানার এসআই মুহাম্মদ হুমায়ুন কবির ওই বছর ২৯ নভেম্বর তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মোক্তার আহামেদ অভি জানান, মামলাটি দীর্ঘ ছয় বছরের অধিক সময় চলমান অবস্থায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. হান্নান কাজী ও সফিকুল ইসলাম ভুঁইয়া।