২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণচেষ্টায় ৫ ইউনিট

গাজীপুরের শ্রীপুর উপজেলায় আউট পেস স্পিনিং মিলস নামে এক কারখানার গুদমে আগুন লেগেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2022, 12:01 AM

Updated : 25 Oct 2022, 10:16 AM

উপজেলার কেওয়া এলাকায় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই আগুন লাগে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান।

তবে তিনি আগুনের কারণ বা ক্ষয়-ক্ষতির পরিমাণ বলতে পারেননি।

কারখানার মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা কবির হোসেন বলেন, কিছুদিন আগে কারখানায় সুতা উৎপাদনের কাঁচামাল সংরক্ষণের জন্য একটি গুদাম তৈরি করে তাতে তুলা রাখা হয়। তুলায় ভরা ছিল গুদামটি।

“সন্ধ্যার দিকে ওই গুদামে হঠাৎ করে আগুন লাগে। সঙ্গে সঙ্গে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর কাজ শুরু করা হয়। কিন্তু মুহূর্তের মধ্যে আগুন সব তুলায় ছড়িয়ে পড়ে।”

তিনি আগুনের কারণ বলতে পারেননি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা হামিদ বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর, ভালুকা ও শ্রীপুরের পাঁচটি ইউনিট গিয়ে কাজ শুরু করে। রাত পৌনে ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।