২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি হল থেকে পুলিশ প্রত্যাহারে স্বস্তি শিক্ষার্থীদের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে পুলিশ প্রত্যাহারের বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের নেতারা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2022, 12:52 PM

Updated : 02 Aug 2022, 02:51 PM

জানুয়ারির শুরু থেকে ক্যাম্পাসে একাধিক ছিনতাই ও সবশেষ ট্রাকচাপায় শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের মৃত্যুর পর এই পদক্ষেপ নেওয়া হয়।

গত ৪ ফেব্রূয়ারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে পুলিশ প্রত্যাহার করে ঝুঁকিপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে বলে প্রক্টর আসাবুল হক জানান।

শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় ধারণার সঙ্গে ক্যাম্পাসে পুলিশের অবস্থান বেমানান। বিশ্ববিদ্যালয়ের ভেতরে নিরাপত্তার বিষয়টি পুলিশের হাতে থাকলে শিক্ষার্থীদের ওপরই নিপীড়নের সুযোগ তৈরি হয়। শিক্ষার্থীরা নিজেরাই যে নিরাপত্তা বলয় তৈরি করে তাতেই তারা বেশি নিরাপদ।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লহ আল মামুন বলেন, “বিশ্ববিদ্যালয় হলে হলে পুলিশের পাহারার কোনো প্রয়োজন নেই। সকল দায়িত্ব শিক্ষক-শিক্ষার্থীদের নেওয়া উচিত এবং তারা নিজেরাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। আসলে নিরাপত্তার ভাষাটাকেই বদলাতে হবে।”  

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রসঙ্গে মামুন বলেন,“হিমেলের ঘটনাটির পর শিক্ষার্থীরা ক্যাম্পাসের পুলিশদের চলে যেতে বলে এবং তারা বাইরে অবস্থান নেয়। এটা শিক্ষার্থীদের একরকম ক্ষোভের প্রকাশ। আমরা গতকয়েক যুগ ধরেই দেখছি, পুলিশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নানা উছিলায় প্রশাসনের নির্দেশে আক্রমণ করে বসে নিরাপত্তার নামে। অথচ কার্যত কোনো নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। বরং বিশ্ববিদ্যালয় প্রশাসন সেদিন কোনোরকম পুলিশি হস্তক্ষেপ ছাড়াই বিষয়টি ভালোভাবে সমাধান করেছে।”

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট ১৭টি হলে মধ্যে ছেলেদের ১১টি হলের প্রবেশদ্বারে বছরের পর বছর পুলিশের অবস্থান ছিল। গত ১ ফেব্রুয়ারি ক্যাম্পাসে ট্রাকচাপায় শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের মৃত্যুর পর রাতে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তারা ক্যাম্পাস থেকে পুলিশ প্রত্যাহারের দাবি তোলেন।

তাছাড়া ছাত্র সংগঠনগুলো দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলেন। এসব দাবির প্রেক্ষিতে ছেলেদের সব হল থেকে পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়ার সিন্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মলয় কুমার ভৌমিক বলেন,“হলে অতীতে কখনো পুলিশ ছিল না। তবে একটি বিশেষ পরিস্থিতিতে যখন হলগুলোতে ব্যাপক মারামারি, হত্যার মতো ঘটনা ঘটতো তখন নিরাপত্তার স্বার্থে পুলিশ আনা হয়েছিল। কিন্তু বর্তমানে সে বাস্তবতা নেই। তাই হলগুলোতে পুলিশ না থাকারই কথা। বলা হয় বিশ্ববিদ্যালয় একটি সভ্য জায়গা; তাই এখানকার কালচারই এখানকার নিরাপত্তা নিশ্চিত করবে।”     

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর বলেন, “বিশ্ববিদ্যালয় একটি মুক্তবুদ্ধি চর্চার জায়গা এবং এখানে সবাই মেধাবী ও প্রাপ্তবয়স্ক। সেখানে প্রতি হলে হলে পুলিশ থাকার বিষয়টিকে প্রয়োজন মনে করি না। তবে নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পুলিশের ব্যবস্থা রাখা উচিত।”

তিনি আরো বলেন,“বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সচল থাকলে অন্যান্য ছাত্রসংগঠনগুলোর মধ্যেও সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা বজায় থাকবে। এছাড়াও প্রশাসনের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক জায়গা তৈরি হলে যেকোনো সমস্যা সমাধান সহজ হবে এবং সে অর্থে পুলিশি তৎপরতার প্রয়োজন পড়বে না। তাই মনে করি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত এ বিষয়ে একটি দ্রুত সিদ্ধান্তে আসা।”

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বলেন,“বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষিতে হলগুলোতে পুলিশ থাকার দরকার আছে বলে মনে করি না। তবে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের বেশ কিছু জায়গায় যেখানে ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটে; যেমন চারুকলা গেট, রেলগেইট জায়গাগুলোতে বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে পুলিশ বক্স বসাতে পারে।”

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের রাবি শাখার সাধারণ সম্পাদক মহব্বত হোসেন বলেন,“হলগুলোতে শিক্ষার্থীদের সবসময় পুলিশ দেখে প্রবেশ যেনো নিজেদের অপরাধী হিসেবে মনে হওয়া। হল থেকে পুলিশ প্রত্যাহারের বিষয়টি খুবই ইতিবাচক, যে দাবি আমাদের সংগঠন বরাবরই করে আসছিল।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্রপ্রতিনিধিরা নিশ্চিত করবে, পুলিশ নয়। এজন্য ছাত্র প্রতিনিধি নির্বাচন দেওয়া জরুরি বলে মনে করেন এ শিক্ষার্থী।  

তিনি বলেন,“বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নিরাপত্তার বিষয়টি পুলিশের হাতে থাকলে শিক্ষার্থীদের ওপরই নিপীড়নের সুযোগ তৈরি হয় এবং যেটা আমরা বিভিন্ন সময়ে দেখেছিও। আমরা মনে করি, শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের যে নিরাপত্তা বলয় তৈরি করে তাতেই তারা বেশি নিরাপদ।”

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক রঞ্জু হাসান বলেন, “স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়ের একটি নিজস্ব কাঠামো আছে। সেখানে প্রতিটি হলে পুলিশের উপস্থিতি স্বায়ত্তশাসন কাঠামোর সম্পূর্ণ বিপরীত। ক্যাম্পাসে হলগুলোতে পুলিশী যে হয়রানি এতদিন বহাল ছিল নিরাপত্তার নামে, তার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত সময়েরই দাবি ছিল। তাছাড়া যে প্রেক্ষাপটে হলগুলোতে পুলিশের ব্যবস্থা করা হয়েছিল সে বাস্তবতা এখন আর নেই।”    

রাবি হল থেকে পুলিশ সরানোর ব্যাখ্যা দিলেন প্রক্টর

ট্রাকচাপায় শিক্ষার্থীর মৃত্যু: রাবিতে রাতভর বিক্ষোভ  

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মাহমুদ সাকী বলেন,“সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি হলগুলোতে পুলিশ থাকার কোনো যৌক্তিকতা দেখি না। আমার বিশ্ববিদ্যালয় শিক্ষাজীবনে সেই অর্থে পুলিশের কোনো তৎপরতা চোখে পড়েনি। বরং সামগ্রিক নিরাপত্তার চেয়ে একটা বিশেষ গোষ্ঠীর স্বার্থই এরা পালন করেছে। তাই বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে পুলিশ প্রত্যাহারের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।”

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় শহীদ হবিবুর রহমান হলের সামনে নির্মাণাধীন ভবনের পাথরবাহী একটি ট্রাক মোটরসাইকেল আরোহী তিন শিক্ষার্থীকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে মারা যান চারুকলা অনুষদের শেষবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ড্রামা অ্যাসোসিয়েশনের (রুডা) সাধারণ সম্পাদক মাহমুদ হাবিব হিমেল।একই বর্ষের শিক্ষার্থী রায়হান রিমেলকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হিমেলের লাশটি প্রায় দেড় ঘণ্টা দুর্ঘটনাস্থলেই পড়ে ছিল। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষকরা কয়েক দফা শিক্ষার্থীদের শান্ত করতে গিয়ে ব্যর্থ হয়।

পরে রাত পৌনে ১১টায় লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়।

এদিকে সহস্রাধিক বিক্ষুব্ধ শিক্ষার্থী দুর্ঘটনাস্থলে এসে জড়ো হয়। নির্মাণসামগ্রী বহনের পাঁচটি ট্রাকে তারা আগুন দেয়। এছাড়া নির্মাণাধীন ভবনে তারা ভাঙচুর করে এবং দুটি কক্ষে অগ্নি সংযোগ করে।

পুলিশ ও ফায়ার ব্রিগেডের গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীদের বাধায় তারা ফিরে যায়।

শিক্ষার্থীদের একটি অংশ রাতে প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে। পরে তারা উপাচার্যের বাসভবনের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।