২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবির ছাত্র উপদেষ্টা জহির উদ্দিনকে অব্যাহতি

উপাচার্যের পদত্যাগ দাবির এক দফা দাবির আন্দোলনের ২২তম দিনে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহির উদ্দিন আহমেদকে পদ থেকে অব্যাহতি দিয়েছে প্রশাসন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2022, 02:05 AM

Updated : 02 Aug 2022, 02:51 PM

শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষিরত এক অফিস আদেশে একথা জানানো হয়। 

অফিস আদেশে বলা হয়, "অর্থনীতি বিভাগের অধ্যাপক জহির উদ্দিন আহমেদ 'অসুস্থ' হওয়ায় তাকে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।" 

অধ্যাপক জহির উদ্দিনকে গত বছরের ২ মার্চ ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে তিন বছরের জন্য ওই পদে নিয়োগ দেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 

নিয়োগের ১১ মাসেই পদ থেকে অব্যহতি পেলেন তিনি। ২০১৭ সালের ১৭ এপ্রিল থেকে ২০২০ এর ১৬ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালন করেন অধ্যাপক জহির।  

বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে  সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন দায়িত্ব পালন করবেন বলে রেজিস্ট্রার স্বাক্ষরিত এই অফিস আদেশে বলা হয়। 

দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন এবং এ আদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে আদেশে বলা হয়।