২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফারি পার্কের প্রাণীর মৃত্যুতে জড়িতদের শাস্তি হবে: বনমন্ত্রী

বঙ্গবন্ধু সাফারি পার্কে  জেব্রা, বাঘ ও সিংহীর মৃত্যুর সঙ্গে কেউ জড়িত থাকলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. সাহাব উদ্দিন।  

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2022, 08:10 PM

Updated : 02 Aug 2022, 02:51 PM

রোববার বিকালে পার্ক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

পার্কে ১১টি জেব্রা, একটি বাঘ ও একটি সিংহীর মৃত্যুর ঘটনায় তিনি ‘খুব মর্মাহত ও দুঃখিত’ বলে জানান। 

জেব্রা, বাঘ ও সিংহ মৃত্যুর ঘটনায় পরিবেশ বন, ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়েল পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তদন্তের জন্য ১০ কার্যদিবস সময় দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

“আমি আশা করি, এই ঘটনায় সাথে কারা কারা জড়িত আছে বা কারও ইন্ধনে এটি হয়েছে কিনা এই তদন্তে তা বেরিয়ে আসবে। সুষ্ঠু তদন্তের জন্য ইতোমধ্যে সাফারি পার্কের তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।”

পরে মন্ত্রী সাফারি পার্কের অভ্যন্তরে বন্যপ্রাণীগুলোর মৃত্যুর স্থান ও পার্কের ব্যবস্থাপনা সরেজমিন পরিদর্শন করেন। 

এ সময় মন্ত্রীর সঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, গাজীপুর-৩ আসনের সাংসদ মো. ইকবাল হোসেন সবুজ, ওই মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ ও সঞ্জয় কুমার ভৌমিক, প্রধান বন সংরক্ষক মো. আমির হোসেন চৌধুরী, গাজীপুর জেলা প্রশাসক মো. আনিসুর রহমান, সাফারি পার্কের প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম ও সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

সাফারি পার্কে প্রাণী সংরক্ষণ হবে বিশেষজ্ঞ পরামর্শে: প্রকল্প পরিচালক  

জেব্রার মৃত্যু: সাফারি পার্ক প্রকল্পে নতুন পরিচালক  

সাফারি পার্কে জেব্রার জন্ম-মৃত্যুর পরিসংখ্যানে ’গড়মিল’  

‘কর্মকর্তাদের দ্বন্দ্বে সাফারি পার্কে জেব্রা হত্যা,’ অভিযোগ এমপির  

একটি বাঘও মারা গেছে বঙ্গবন্ধু সাফারি পার্কে  

অসুস্থ জেব্রাটিও মারা গেল  

সাফারি পার্কে আরও ১টি জেব্রার মৃত্যু  

২২ দিনে সাফারি পার্কে ৯ জেব্রার মৃত্যু