২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেব্রার মৃত্যু: সাফারি পার্ক প্রকল্পে নতুন পরিচালক

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১টি জেব্রা ও একটি বাঘের মৃত্যুর ঘটনায় পার্কের প্রকল্প পরিচালককে প্রত্যাহার করে নতুন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2022, 12:31 AM

Updated : 28 Apr 2022, 11:35 PM

পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য অফিসার দীপংকর বর বুধবার সন্ধ্যায় জানান, পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবীরকে প্রত্যাহার করে বুধবার মোল্যা রেজাউল করিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।  

দীপংকর বর সাংবাদিকদের বলেন, জেব্রা ও বাঘের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং দায়িত্বে অবহেলাকারীদের শনাক্তকরণের লক্ষ্যে মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করেছে।

“কমিটির সুষ্ঠু তদন্তের স্বার্থে সাফারি পার্কে প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবিরকে সরানো হয়েছে। তার স্থলে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা এর বন সংরক্ষক (চলতি দায়িত্ব) মোল্যা রেজাউল করিমকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে প্রকল্প পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়েছে।”

চলতি বছরের ২ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১টি জেব্রা ও একটি বাঘ মারা যায়। এই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং দায়িত্বে অবহেলাকারীদের শনাক্তকরণের লক্ষ্যে গঠিত মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সুষ্ঠু তদন্তের স্বার্থে গত ৩১জানুয়ারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান ও সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনকে বন অধিদপ্তরের সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

তবিবুর রহমানের স্থলে ফরিদপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনের স্থলে কক্সবাজারের চকোরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার ডা. মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।