সাফারি পার্কে প্রাণী সংরক্ষণ হবে বিশেষজ্ঞ পরামর্শে: প্রকল্প পরিচালক
গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রাণীর ব্যবস্থাপনার জন্য দেশ-বিদেশের বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম।
শুক্রবার সন্ধ্যায় সাফারি পার্কের তথ্য কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তার পরিকল্পনার কথা জানান।
রেজাউল করিম বলেন, এটি তার অতিরিক্ত দায়িত্ব। সম্প্রতি ১১টি জেব্রাসহ অন্যান্য প্রাণীর মৃত্যুর পর কর্তৃপক্ষ আগের প্রকল্প পরিচালককে পরিবর্তন করে তাকে দায়িত্ব দিয়েছেন। বৃহস্পতিবার তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।
তিনি বলেন, “পার্কটি পরিচালনার জন্য একটি বিশেষজ্ঞ টিম রয়েছে। আমরা এ টিমের পরামর্শ নেব। এছাড়া আমাদের দেশে বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডও আছে। তাদের সঙ্গে সভা আহ্বান করে বন্যপ্রাণীগুলোর মৃত্যুর কারণ নিয়ে আলোচনা করব। পরে তাদের পরামর্শ চাইব। পরে আমরা জানতে পারবো আমাদের কি কি করণীয় এবং কি কি বর্জনীয়।”
পার্কের বেশিরভাগ প্রাণী বিদেশি উল্লেখ করে রেজাউল করিম বলেন, “ওইসব দেশের প্রাণীদের জন্ম ও উৎস আমাদের এখানে কীভাবে সম্পৃক্ত করা যায়, কীভাবে তাদের ব্যবস্থাপনা কৌশলগুলো রপ্ত করব সে বিষয়গুলো বাস্তবায়নের চেষ্টা করব যাতে পার্কটিকে আরও সুন্দরভাবে ব্যবস্থাপনা করতে পারি।”
ইতোমধ্যে প্রাণী বিশেষজ্ঞ বোর্ডের সদস্যদের ১০ দফা সুপারিশসমূহের মধ্যে লেকের পানি শোধন ও টিকা কার্যক্রমসহ তিনিট পুরোপুরি বাস্তবায়ন হয়েছে এবং বাকিগুলো বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।
পার্কের ঝুঁকিগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট বিভাগ ও কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে সমাধানের কথাও উল্লেখ করেন এই প্রকল্প পরিচালক।
প্রাণীর মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের আগে কোনো কিছু বলা সম্ভব নয়।
এছাড়া তার কাছে পার্কের সুনির্দিষ্ট কোনো তথ্য চাওয়া হলে সকল কিছু পুঙ্খানুপুঙ্খ জেনে অবহিত করার আশ্বাস দেন।
জানুয়ারি মাসে পার্কে ১১টি জেব্রা, একটি বাঘ ও ৩ ফেব্রুয়ারি একটি সিংহী মারা যায়। এসব প্রাণীর মৃত্যু নিয়ে তদন্ত কমিটি গঠন এবং তদন্তের স্বার্থে পার্কের শীর্ষ পর্যায়ের তিন কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
