রাজশাহীতে লেগুনার ধাক্কায় স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে
রাজশাহীর পুঠিয়া উপজেলায় লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন; আহত হয়েছেন তার স্ত্রী।
শনিবার সকালে উপজেলার বানেশ্বর বাজারের কলাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পবা হাইওয়ে (শিবপুরহাট) থানার ওসি মোফাকারুল ইসলাম।
নিহত মিজানুর রহমান মিজান (৪৫) চারঘাট উপজেলার হলিদাগাছি এলাকার খলিলুর রহমানের ছেলে।
আহত আয়শা বেগম (৪০) দুর্গাপুরের পল্লী বিদ্যুতে চাকরি করেন। তারা বানেশ্বরে বসবাস করেন।
ওসি বলেন, সকাল সাড়ে ৯টায় মিজানুর রহমান মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে দুর্গাপুর উপজেলার দিকে যাচ্ছিলেন। কলাহাটির সামনে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।
এতে রাস্তার ওপর ছিটকে পড়েন মিজান ও আয়শা। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছু পরেই মিজানুর মারা যান।
ওসি আরও জানান, আয়েশা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আশঙ্কামুক্ত। লেগুনাচালক পালিয়েছেন, তবে গাড়িটি জব্দ করা হয়েছে।
