২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলো শীত, যশোরের গ্রামে গ্রামে হচ্ছে কুমড়ো বড়ি

শীতে যশোর অঞ্চলের অন্যতম আকর্ষণীয় খাবার কুমড়ো বড়ি তৈরি চলছে গ্রামের ঘরে ঘরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2022, 07:45 PM

Updated : 02 Aug 2022, 02:45 PM

কুমড়ো বড়ি যশোরের একটি প্রাচীন ঐতিহ্য। প্রতিবছর শীত মৌসুমে গ্রামাঞ্চলের বেশিরভাগ বাড়িতে এ বড়ি তৈরির রেওয়াজ রয়েছে।

মাছ ঝোলে বা সবজির সঙ্গে কুমড়ো বড়ি বাঙালির ঐতিহ্যবাহী খাবার। বাজারে বিভিন্ন ধরনের কুমড়ো বড়ি পাওয়া গেলেও চালকুমড়া অথবা মুলার সঙ্গে মাষকলাই ডাল মিশিয়ে তৈরি বড়ি স্থানীয়দের খুবই প্রিয়।

প্রতিবছর শীতে চালকুমড়া ও মাষকলাইয়ের ডাল দিয়ে বড়ি তৈরি করেন শার্শা উপজেলার সামটা গ্রামের স্কুল শিক্ষিকা রেবেকা সুলতানা।

রেবেকা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বড়ি রোদে শুকিয়ে কৌটায় ভরে অনেক দিন রাখা যায়। তরকারিতে এ বড়ি দিলে খুব সুস্বাদু হয়।”

বড়ি তৈরির পদ্ধতি জানাতে গিয়ে দেউলি গ্রামের গৃহবধূ লিলি আক্তার (৪৫) বলেন, বড়ি দেওয়ার আগের দিন মাষকলাই ডাল (স্থানীয়দের ভাষায় বলে ঠিকরী কলাই) খোসা ছাড়িয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রাখতে হয়।

“সন্ধ্যায় চালকুমড়ার খোসা ছাড়িয়ে ভেতরের নরম অংশ ফেলে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। এরপর মিহি করে কোরানো কুমড়া পরিষ্কার কাপড়ে বেঁধে সারারাত ঝুলিয়ে রাখতে হবে।”

“পরদিন ভোরে ডালের পানি ছেঁকে মিহি করে বেটে ‘পেস্ট’ তৈরি করতে হবে। পানি ঝরানো কুমড়ার সঙ্গে প্রায় সমপরিমাণ ডাল ও পরিমাণ মতো লবণ মেশাতে হয়। পরে কড়া রোদে পরিষ্কার কাপড়, চাটাই বা নেটের ওপর ছোট ছোট করে বড়ি দিতে হবে।”

এই বড়ি ভালো করে রোদে শুকিয়ে সংরক্ষণ করলে অনেকদিন পর্যন্ত খাওয়া যায় বলে জানান লিলি।

জামতলার জুলি খাতুন (৩৩) বলেন, "শীত না পড়লি বড়ি যুত (ভালো) হয় না। যত বেশি শীত পড়বে তত বড়ির স্বাদ হবে। খাতি ভালো লাগবে।"

মাটিপুকুর পারুল খাতুন (৫৫) বলেন, কুমড়ো বড়ি তেলে ভেজে মাছের তরকারি বা সবজিতে দিলে স্বাদ অনেক বেড়ে যায়।

টেংরা গ্রামের সুফিয়া বেগম (৬০) বলেন, শীত এলেই একে অপরকে বড়ি দিতে সহযোগিতা করা তাদের গ্রামের রেওয়াজ। বছর পঁচিশেক আগে শ্বশুর বাড়িতে এসে তিনি শাশুড়ির কাছ থেকে এ রেওয়াজে অভ্যস্ত হয়েছেন।

তবে এ ঐতিহ্য হারিয়ে যাওয়ার পথে বলে তিনি মনে করেন।

“নতুন প্রজন্মের মেয়েরা এসব শিখতে কিম্বা বড়ি তৈরি করতে আগ্রহী না। তারা এই রেওয়াজ থেকে যেভাবে পিছিয়ে পড়ছে, তাতে আগামীতে এটা হারিয়ে যাবে।”

যাদবপুরের ফাতেমা খাতুন বলেন, মাসকলাইয়ের সাথে পিঁয়াজ, পাকা লাউ, আলু, পেঁপে, কপিসহ নানা পদের সবজি মিশিয়ে বড়ি তৈরি করা যায়। বিশেষ করে পিঁয়াজের বড়ি বেশ সুস্বাদু; কিন্তু এগুলো বেশি দিন সংরক্ষণ করা যায় না।

বড়ি তৈরির প্রধান উপকরণ ডাল ও কুমড়ার পেস্ট বানানোই সবচাইতে কষ্টের কাজ জানিয়ে রাজাপুর গ্রামের গৃহবধূ জেসমিন আক্তার বলেন, “যুগের পরিবর্তনের সাথে সাথে পেস্ট তৈরিতে পরিবর্তন এসেছে। এখন বাড়িতে কেউ আর ডাল বেটে পেস্ট তৈরি করে না। মেশিনে পেস্ট তৈরি করে নিয়ে আসে।”

জামতলা বাজারের দুইটি মিলে ডাল ও কুমড়া থেকে পেস্ট বানানো হয়।

এই মিলের মালিক আলফাজ হোসেন বলেন, “পেস্ট তৈরি করার মেশিন বসানোর পর এখন আর বাড়িতে শিল-নোড়ায় কেউ পেস্ট তৈরি করে না। এ এলাকার অন্তত পাঁচটি গ্রামের লোক এখানে এসে পেস্ট তৈরি করে নিয়ে যায়। প্রতিদিন ভোরে এখানে খুব ভিড় হয়। প্রতি কেজি পেস্ট বানাতে নেই পাঁচ টাকা।”

জামতলা বাজারের মুদি দোকানদার আনোয়ার হোসেন বলেন, এখনও বাজারে নতুন বড়ি আসেনি। তবে ভারতের সয়াবিনের বড়ি আছে; যা দুই শত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।