ঝিনাইদহে সহিংসতায় দুই মৃত্যুতে এখনও মামলা হয়নি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় দুজন নিহত হওয়ার ঘটনায় দুদিনেও মামলা হয়নি।
রোববার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে শৈলকুপা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানিয়েছেন।
শুক্রবার রাতে কাললাগাড়ি বাজারে স্বতন্ত্র প্রার্থী জুলফিকার কায়সার টিপু ও আওয়ামী লীগ প্রার্থী মাহমুদুল হাসান মামুন সমর্থকদের সংঘর্ষে নিহত হন হারান বিশ্বাস।
শনিবার বিকালে ভাটবাড়িয়া গ্রামে ছুরিকাঘাতে নিহত হন জসিম উদ্দিন।
নিহত দুজনই আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক বলে দাবি করেন আওয়ামী লীগ প্রার্থী মাহমুদুল হাসান মামুন।
শৈলকুপা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, দুটি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ১২ জনকে আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় রোববার সন্ধ্যা পর্যন্ত তাদের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি।
আগামী ৭ জানুয়ারি ৫ম ধাপে শৈলকুপা উপজেলার ১২টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে।
