২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এজাহার বদলে খুনিদের নাম ‘বাদ দিয়েছেন’ ওসি

রাজশাহীর চারঘাট থানার ওসি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সিলন হত্যা মামলার এজাহার পরিবর্তন করে খুনিদের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2021, 05:03 PM

Updated : 02 Aug 2022, 06:43 PM

তাছাড়া ওসি নিজে নতুন করে এজাহার লিখে তাতে জোর করে স্বাক্ষর নিয়েছেন বলেও অভিযোগ করেছেন নিহত সিলনের বাবা মামলার বাদী রিয়াজ আলী।

মঙ্গলবার রাজশাহী শহরের অলোকার মোড়ে মাস্টার শেফ কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

রিয়াজ বলেন, তিনি ২০ জনকে আসামি করে এজাহার দিয়েছিলেন। কিন্তু ওসি তার নিজের ইচ্ছামত পাঁচজনের নামে মামলা নিয়েছেন।

রোববার বিকালে চারঘাট উপজেলার ঝিকরা গ্রামে মাইনুল ইসলাম সিলন (৩২) নিহত হন। ‘মাদক কারবারের দ্বন্দ্বে’ তাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে।

রিয়াজ লিখিত বক্তব্যে বলেন, “হত্যাকাণ্ডের পরদিন বাড়ি থেকে আমাকে থানায় নিয়ে যায় পুলিশ। আমি ২০ জনকে আসামি করে হত্যার অভিযোগ করি। কিন্তু পুলিশ যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে, ওসি জাহাঙ্গীর আলম সেই পাঁচজনকেই আসামি করতে চান। গ্রেপ্তারকৃত পাঁচজনকে আসামি করে নিজের লেখা এজাহারে স্বাক্ষর করতে বাধ্য করেন ওসি।”

রাজশাহীতে ‘মাদকের দ্বন্দ্বে’ সংঘর্ষ, যুবক নিহত  

তাছাড়া রিয়াজ আলী আরও অভিযোগ করেন, “মামলা পরিবর্তন ছাড়াও এই পাঁচজনের বাইরে কাউকে আসামি করা যাবে না এবং কারও বিরুদ্ধে অভিযোগ করা যাবে না এই মর্মে ওসি জাহাঙ্গীর আলম আমার কাছে থেকে মুচলেকা নিয়েছেন। তার কথার বাইরে কিছু করলে আমার ছোট ছেলেকে অস্ত্র ও মাদক মামলায় ফাঁসিয়ে দেয়ারও হুমকি দিয়েছেন ওসি।

“আমি যাকে এক নম্বর আসামি করেছিলাম, নতুন এজাহারে তার নাম সবার নিচে দিয়েছেন ওসি। হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যারা জড়িত তাদের নাম ওসির এজাহারে নেই। আমি এজাহারের কপি চাইলে ওসি আমাকে কোনো কপিও দেননি।”

নিহত সিলনের স্ত্রী আলেয়া বেগম, দুই শিশু সন্তান ও ছোট ভাই ইবরাহিম আলী রতন সংবাদ সম্মেলনে ছিলেন।

ওসি জাহাঙ্গীর আলম এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। তিনি ব্যস্ত আছেন বলে মোবাইল ফোনের লাইন কেটে দিয়েছেন।