রাজশাহীতে ‘মাদকের দ্বন্দ্বে’ সংঘর্ষ, যুবক নিহত
রাজশাহীর চারঘাটে দুপক্ষের সংঘর্ষের মধ্যে চাপাতির আঘাতে এক যুবক নিহত হয়েছেন।
‘মাদক কারবারের দ্বন্দ্বে’ রোববার বিকালে উপজেলার ঝিকরা গ্রামে এই ঘটনা ঘটে বলে স্থানীয় এক জনপ্রতিনিধি জানিয়েছেন।
নিহত যুবকের নাম মাইনুল ইসলাম সিলন (৩২)। তিনি উপজেলার ঝিকরা গ্রামের রিয়াজ আলীর ছেলে।
সারদাহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম বলেন, কিছুদিন ধরে ঝিকরা গ্রামের দুই ‘মাদক কারবারির’ মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে বুধবার দুপুরের পর থেকে কয়েক দফা দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে।
“এ সময় সিলন প্রতিপক্ষের চাপাতির আঘাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় একজন হাসপাতালে মারা গেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
