ভোটারের জন্য বিরিয়ানির আয়োজনে জরিমানা
গাজীপুরের কাপাসিয়ায় ইউপি নির্বাচনে ভোটারদের বিরিয়ানি খাওয়ানোর আয়োজন করায় এক সদস্য পদপ্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার উপজেলার টোক ইউনিয়নের টোকনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।
ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান জানান, দণ্ডিত মো. হাবিবুর রহমান ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. শফিকুল ইসলামের একজন প্রতিনিধি।
“নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে সোমবার দুপুরে টোক ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থীর পক্ষে টোকনগর এলাকায় ভোটের প্রচারনা ও দেড়সহস্রাধিক ভোটারকে বিরিয়ানি খাওয়ানোর আয়োজন করা হয়। সেখানে অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করে ওই আযোজনে জড়িত থাকার অভিযোগে মো. হাবিবুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়েছে।”
এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ উপজেলা মৎস্য অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার মো হারুন অর রশিদ।
