শ্বশুরবাড়ি থেকে গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার
সিলেটের বিশ্বনাথ উপজেলায় শ্বশুরবাড়ি থেকে এক গরু ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার দতা গ্রাম থেকে আরশ আলীর লাশ তারা উদ্ধার করেন বলে বিশ্বনাথ থানার এসআই অলক দাস জানান।
৫০ বছর বয়সী আরশ ওসমানী নগর উপজেলার ছাইয়ার খাঁ গ্রামের আকরুছ আলীর ছেলে ছিলেন।
ব্যবসার কারণে আরাশ দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে শ্বশুর বাড়িতে থাকছিলেন। তার এক ছেলে রয়েছে। ভোরে স্থানীয়রা বাড়ির গেটের সঙ্গে আরাশের ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেয়।
পরে পুলিশ গিয়ে সকাল সাড়ে ১০টার দিকে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এসআই বলেন, আরাশ বুধবার রাতে বাড়ি ফেরেননি বলে তার বাড়ির লোকজন জানিয়েছে।
“লাশ উদ্ধারের সময় তার শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড ধারণা করা হচ্ছে।”
