দস্যুদের খুন-ধর্ষণ ছাড়া অন্য মামলা সরকার বিবেচনা করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আত্মসমর্পণকারী বনদস্যুদের বিরুদ্ধে খুন ও ধর্ষণ ছাড়া অন্য মামলার বিষয়টি সরকারের বিবেচনায় থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন আসাদুজ্জামান খান কামাল।
সোমবার বিকালে বাগেরহাটের রামপাল উপজেলা কমপ্লেক্স মাঠে দস্যুমুক্ত সুন্দরবন দিবসের তৃতীয় বর্ষপূর্তিতে আত্মসমর্পণ করা জলদস্যুদের পুনর্বাসন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
জলদস্যুদের আত্মসমর্পণের সময় সরকারের দেওয়া প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে তা রক্ষা করা হবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন আত্মসমর্পণকারী বনদস্যু বিভিন্ন মামলায় হয়রানি হচ্ছেন বলে জানালে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার মামলা ছাড়া অন্য মামলাগুলো বিবেচনা করবে বলে জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তাদের বিরুদ্ধে খুন ও ধর্ষণের মামলা না থাকলে এটি সরকার আলোচনা করে খুব শিগগির বিষয়টি নিষ্পত্তি করবে। ২০১৪ সালে সংসদে প্রায় আলোচনা হতো জলদস্যুরা পটুয়াখালী থেকে আরম্ভ করে উপকূলীয় এলাকায় জেলেদের আটকে রেখে মুক্তিপণ আদায় করত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা সুন্দরবনকে জলদস্যুমুক্ত করতে পেরেছি।”
২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন উল্লেখ করে মন্ত্রী বলেন, সুন্দরবনকে আরও সুরক্ষিত করতে র্যাবকে আরও বেশি ভূমিকা রাখতে সুন্দরবনে একটি স্থায়ী ক্যাম্প করার চিন্তা সরকারের রয়েছে। আবার নতুন করে কোনো বাহিনী যেন সুন্দরবনে দস্যুতা করতে না পারে সেজন্য র্যাব সতর্ক রয়েছে।
এসবই প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় হচ্ছে জানিয়ে তিনি বলেন, দেশের উন্নয়ন হচ্ছে। আগামী ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হব।
“স্বাভাবিক জীবনে ফেরা আত্মসমপর্ণ করা জলদস্যুদের পুনর্বাসন করতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে। আগে নগদ টাকাসহ বিভিন্ন সহযোগিতা দেওয়া হয়েছে।”
তারই ধারাবাহিকতায় আজ র্যাব তাদের পুনর্বাসন চাহিদা সমীক্ষা চালিয়ে আত্মসমর্পণ করা দস্যুদের ১০৯টি বসতঘর, ৯০টি মুদি দোকান, ১২টি মাছ ধরার নৌকা, ৮টি ইঞ্জিন চালিত নৌকা এবং ২২৮টি গবাদি পশু দিয়েছে বলে জানান তিনি।
জীবিকায় তাদের স্থির করতে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে এবং প্রধানমন্ত্রী আত্মসমর্পণ করা ভাইদের বিষয়ে নিয়মিত খোঁজ খবর রাখেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে র্যাব, বিজিবি, পুলিশ সবাই যার যার অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “এখানে আসার পর শুনতে পেয়েছি আত্মসমর্পণ করা দস্যুরা নাকি আবার আগের পেশায় ফেরার চিন্তা করছে। এটি আমি বিশ্বাস করিনি। আমি আপনাদের বলব, দয়া করে সেই ভুল করবেন না। আবার যদি আগের পেশায় ফেরার চিন্তা করেন তাহলে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হতে হবে, তারা ছেড়ে দিবে না।”
অনুষ্ঠানে আসা সুন্দরবনের উপর নির্ভরশীল বাওয়ালী, মৌয়াল ও পর্যটন ব্যবসায়ীদের কয়েকজন বক্তব্য রাখেন।
তারা বলেন, ২০১৮ সালের পর থেকে বাওয়ালী, মৌয়ালরা নির্ভয়ে সুন্দরবনে যেতে পারছেন। কাউকে চাঁদা দিতে হচ্ছে না। আগে সুন্দরবনে ঘুরতে আসা দেশি বিদেশি পর্যটকরা ভ্রমণে আসতে ভয় পেত। এখন নিরাপদে পর্যটকরা সুন্দরবন ভ্রমণে আসছেন।
আত্মসমর্পণ করা কয়েকজন বনদস্যুও বক্তব্য রাখেন।
তারা বলেন, সরকার তাদের জীবিকার জন্য নগদ টাকা, খাদ্য, ঘর, গরু-বাছুর সবই দিয়েছে। তারা পরিবার পরিজন নিয়ে ভালো আছেন।
তবে তাদের নামে থাকা বিভিন্ন মামলায় তারা হয়রানির শিকার হচ্ছেন; আদালতে হাজিরা দিতে হচ্ছে এবং মামলার ব্যয় চালানো তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে বলে জানান তারা।
তাদের বিরুদ্ধে থাকা সব মামলা দ্রুত নিষ্পত্তি করতে সরকারের কাছে অনুরোধ জানান তারা।
র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সাংসদ মো. শামসুল হক টুকু, স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল উদ্দিন, খুলানা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ গ্লোরিয়া ঝর্না সরকার এবং আইজিপি বেনজীর আহমেদ।
