ঝিনাইদহ থেকে চুরি হওয়া গরু উদ্ধার খুলনায়, গ্রেপ্তার ৭
ঝিনাইদহ থেকে চুরি হওয়া ১৫টি গরু খুলনায় উদ্ধার ও সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ থানায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার।
আবুল বাশার বলেন, গত ১২ অক্টোবর রাতে কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের ফিরোজা বেগম সেনুর সাতটি গরুর চুরি হয়। এরপর ১৯ অক্টোবর ঝিনাইদহ সদরের হামদহ গ্রামের জালাল গাজীর ছয়টি গরু চুরি হয়।
এ দুটি ঘটনায় গরুর মালিকরা সদর ও কালীগঞ্জ থানায় দুইটি মামলা করেন বলে তিনি জানান।
অতিরিক্ত পুলিশ সুপার বাশার আরও বলেন, পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার ও সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে চোর শনাক্ত করে। পরে রোববার খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ‘চোর চক্রের’ সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।
“পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক খুলনার ডুমুরিয়া উপজেলার সাজিয়াড়া ও ফলসি গ্রাম থেকে ১৫টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে।”
আবুল বাশার বলেন, এই চক্রটি ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, বাগেরহাট, সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন উপজেলা থেকে গরুর চুরি করে আসছিল। এদের ‘দলনেতা’ উজ্জ্বল কাজী ও জিয়া শেখের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ গরু চোর দলে ১৫-১৬ জন সদস্য আছে। চুরি করার আগে তাদের লোক বিভিন্ন এলাকায় এসে খোঁজখবর করে যায়। এরপর রাতে ট্রাকে করে এসে গরু চুরি করে নিয়ে যায়।
গ্রেপ্তারদের ওই দুই মামলায় সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে; উদ্ধার হওয়া গরুগুলো আদালতের মাধ্যমে মালিকদের কাছে ফেরত দেওয়া হবে বলে বাশার জানান।
কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের ফিরোজা বেগম সেনু বলেন, তারা হতদরিদ্র মানুষ। তার গেয়ালে নয়টি গরু ছিল। ১২ অক্টেবর রাতে গোয়াল থেকে সাতটি গরু চুরি করে নিয়ে যায়। তার মধ্যে পাঁচটি গরু পুলিশ উদ্ধার করে নিয়ে এসেছে।
গ্রেপ্তাররা হলেন বাগেরহাটের কচুয়া উপজেলার নরেন্দ্রপুরের আকুব্বর কাজীর ছেলে উজ্জ্বল কাজী (৩৫), চিতলমারীর শ্যামপাড়ার লিয়াকত আলীর ছেলে সুজন খান (৪২), ফকিরহাটের বাহিরদিয়ার প্রয়াত নুর মোহাম্মদের ছেলে আল আমিন কাজী (২৯), বড় খাজুরার প্রয়াত মজিদ শেখের ছেলে শেখ ওহাব (৫০), খুলনার বটিয়াঘাটার লক্ষ্মীখোলা গ্রামের আব্দুল্লাহ শেখের ছেলে জিয়া শেখ (৪২), ডুমুরিয়ার জিলেরডাঙ্গার আজিজ ফকিরের ছেলে সেকেন্দার আলী ফকির (৪৫) ও একই উপজেলার খলসির হালিম গাজীর ছেলে রুবেল গাজী (৩৫)।
