২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাল আত্মসাৎ: ১৬ ইউপি চেয়ারম্যানসহ ১৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জালিয়াতির মাধ্যমে জিআর প্রকল্পের প্রায় ছয় হাজার মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2021, 06:47 PM

Updated : 02 Aug 2022, 06:17 PM

মঙ্গলবার দুদক সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের জানান, মামলায় ইউনিয়ন পরিষদ- ইউপি চেয়ারম্যান ছাড়াও গোবিন্দগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আকতারা বেগম ও গোবিন্দগঞ্জ পৌরসভার কাউন্সিলর  গোলাপী বেগমকে আসামি করা হয়।

গত ২৬ অগাস্ট দুদকের সহকারী পরিচালক মো. হোসাইন শরীফ সংস্থাটির রংপুর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন বলে জানান সচিব।

মামলায় গোবিন্দগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে হরিরামপুর ইউনিয়ন পরিষদ ছাড়া বাকি ১৬টি পরিষদের চেয়ারম্যানকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, “আসামিরা জাল কাগজপত্র তৈরি করে ২০১৬-১৭ অর্থবছরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ধর্মীয় সভার অনুকূলে জিআর এর বরাদ্দ করা ৫ হাজার ৮২৩ মেট্রিক টন সরকারি চাল উত্তোলন করে কালোবাজারে বিক্রি করে।”

ওই সময় এই পরিমাণ চালের সরকারি আর্থিক মূল্য ২২ কোটি ৩ লাখ ২১ হাজার ৫৯০ টাকা বলে মামলায় উল্লেখ করে বলা হয়, এসব অর্থ আসামিরা আত্মসাৎ করেছেন।

এজন্য মামলায় দণ্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন

চিকিৎসক ও আইনজীবীদের নেওয়া টাকার জন্য রশিদ চায় দুদক  

দুদকের তদন্তে ধীরগতিতে হাই কোর্টের হতাশা  

মাগুরায় পুলিশের সাড়ে ১০ কোটি টাকা ‘আত্মসাতের অভিযোগ  

খুলনায় ‘সাড়ে ১৮ কোটি টাকা আত্মসাৎ’: দুদকের মামলা