২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে রাজমিস্ত্রির ঝুলন্ত লাশ, স্বজনদের দাবি হত্যাকাণ্ড

মাদারীপুরের কালকিনি উপজেলায় এক রাজমিস্ত্রির দুই হাত বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে স্বজনদের  দাবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাদারীপুর প্র‌তি‌নি‌ধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2021, 02:33 PM

Updated : 02 Aug 2022, 06:15 PM

কালকিনি থানার ওসি ইশতিয়াক আসফাক রাসেল জানান, বুধবার সকালে উপজেলার চর ফতে বাহাদুর এলাকা থেকে তারা আসাদুল নামে এই যুবকের ‘দুই হাত বাঁধা ঝুলন্ত’ লাশ উদ্ধার করেন।

আসাদুল উপজেলার কাঁচিকাটা গ্রামের খবির রাঢ়ির ছেলে।

স্বজনরা জানান, চার বছর আগে আসাদুলের সঙ্গে বিয়ে হয় একই উপজেলার  ডিমচর গ্রামের রিপন গোমস্তার মেয়ের। বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মাঝেমধ্যে ঝগড়া হত। এর জেরে স্ত্রী শনিবার বাবার বাড়ি চলে যান। আর আসাদুল চলে যান ঢাকায় কাজের জন্য। এদিকে দ্বন্দ্ব মেটানোর জন্য বুধবার সালিশ বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু তার আগেই তার দুই হাত বাঁধা ঝুলন্ত লাশ  গাছে ঝুলতে দেখে এলাকাবাসী।

ওসি ইশতিয়াক বলেন,  আসাদুলের পরিবারের লোকজন জানিয়েছে, সালিশের কথা বলে ঢাকা থেকে ফোন করে তাকে এলাকায় ডেকে আনা হয়েছে। এটি হত্যাকাণ্ড কিনা খতিয়ে দেখছে পুলিশ।

এটি পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে খুনির দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন স্বজন ও এলাকাবাসী।