উখিয়ায় ‘গোলাগুলির পর’ ইয়াবা উদ্ধার
কক্সবাজারের উখিয়া উপজেলা সীমান্তে মাদক পাচারকারিদের সঙ্গে গোলাগুলির পর এক লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধারের খবর জানিয়েছে বিজিবি।
বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, শুক্রবার গভীর রাতে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের সীমান্তের গোলডেবা এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে।
আলী হায়দার বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান পাচার হয়ে আসার খবরে বিজিবির একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে আসা মাদক পাচারকারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি করে।
“এক পর্যায়ে পাচারকারিরা একটি ব্যাগ ফেলে মিয়ানমার দিকে পাহাড়ি এলাকা দিয়ে পালিয়ে যায়। পরে ওই ব্যাগে তল্লাশি চালিয়ে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়; যার বাজার মূল্য আনুমানিক ৪ কোটি ২০ লাখ টাকা। ”
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
