হাট বসেনি, অনলাইনে গরু বিক্রি করছেন চাঁদপুরের খামারিরা
লকডাউনের কারণে এবার চাঁদপুরে হাট না বসায় অনলাইনে গরু বেচাকেনার কার্যক্রম শুরু করেছেন চাঁদপুরের খামারিরা।
করোনাভাইরাস মহামারীর মধ্যে জনসাধারণের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে প্রশাসনও অনলাইনে গরু বেচাকেনায় উদ্বুদ্ধ করছেন স্থানীয় খামারিদের। পাশাপাশি এতে ক্রেতাদেরও সাড়া মিলছে।
জেলার খামারগুলো ঘুরে দেখা গেছে, কোরবানি ঈদকে সামনে শেষ মুহূর্তের কাজ সারছেন খামারিরা। ভালো দাম পেতে গরুকে প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করা হচ্ছে। নিয়মিত খৈল, ভুসি, কাঁচা ঘাস, ভিটামিন ও ক্যালসিয়াম খাওয়ানো হচ্ছে। সব মিলিয়ে ব্যস্ত সময় কাটছে গরুর খামারের শ্রমিকদের।
সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ব্রাহ্মান শাখুয়া এলাকার এইচবি এগ্রো ফার্মের স্বত্বাধিকারী মো. হারুনুর রশিদ জানান, তার খামারের ২০টি গরু সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে বড় করা হয়েছে। এখন ঈদকে সামনে রেখে গরু বিক্রি করতে তাদের মোটাতাজা করার কাজ চলছে।
তিনি বলেন, “লকডাউনের কারণে এখনও পর্যন্ত কোথাও হাট বসেনি; কবে নাগাদ বসতে তারও কোন ঠিক নেই। তাই ঈদকে কেন্দ্র করে অনলাইনেই গরু বিক্রি করছি । অনলাইনে জনসমাগম না থাকায় ক্রেতাদের সাড়াও পাচ্ছি বেশ।
“তবে এই সংকটকালীন সময়ে বিদেশী গরুর আমদানি ঠেকাতে সরকারের কাছে দাবি জানাই। নয়তো দেশী খামারিদের অনেক লোকসান গুনতে হবে।”
শহরের নাজিরপাড়া মাদ্রাসা রোড এলাকার আরেক খামারি সিয়াম হোসেন বলেন, “ঈদের বিক্রি করে কিছুটা লাভবান হওয়ার জন্য আমারা গরু মোটাতাজাকরন করছি। কিন্তু মহামারীর কারণে গত বছরেরও মতো এবারও বেশ বেকায়দায় পড়তে হচ্ছে।
“গতবছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লোকসান কাটাতে এবার অনলাইনে গরু বিক্রি শুরু করেছি। তবে গরুর যেই দাম চাচ্ছি, ক্রেতারা তার থেকে কম দাম বলছেন।”
তবে খামারিরা এবছর গরুর দাম বেশি চাচ্ছেন বলে দাবি এ ক্রেতার।
আরেক ক্রেতা ইকবাল হোসেন বলেন, “এমনিতেই করোনাভাইরাস পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। গরুর হাটেতো জনসমাগম অনেক বেশি থাকে। তাই এ বছর অনলাইনেই গরু কিনার চিন্তাভাবনা করছি। এতে করে স্বাস্থ্যঝুঁকি এড়ানো সম্ভব হবে।“
চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, স্থানীয় খামারিারা অনলাইনের মাধ্যমে তাদের পশুগুলো বিক্রি করছে। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক। করোনাভাইরাসের এই সময়টাতে অনলাইনে পশু বিক্রি করায় জনসমাগম এড়ানো সম্ভব হচ্ছে। এতে করে ক্রেতা-বিক্রেতা সহজেই স্বাস্থ্যবিধি মেনে চলতে পারবেন।”
তিনি বলেন, যেহেতু আগামী ১৪ জুলাই পর্যন্ত মন্ত্রী পরিষদ বিভাগের বিধিনিষেধ আছে। তাই ১৪ তারিখ পর্যন্ত জেলার কোথাও গরুর হাট বসানোর অনুমতি দিচ্ছি না। এরপরে নির্দেশনা পেলে হাট বসানোর বিষয়ে চিন্তাভাবনা করা হবে।
চাঁদপুর জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে, এ বছর জেলার ৮ উপজেলায় ছোট বড় ৩ হাজার ২শ খামারি ১ লাখ ১৭ হাজার গবাদী পালন করেছেন। এর মধ্যে গরু রয়েছে প্রায় ৭৮ হাজার এবং ছাগল ও ভেড়া রয়েছে ৩৯ হাজার। জেলায় কোরবানির চাহিদা রয়েছে ১ লাখ ১৮ হাজার পশুর।
চাঁদপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বখতিয়ার উদ্দিন বলেন, জেলায় পর্যাপ্ত পরিমাণে কোরবানির পশু মজুদ রয়েছে। অবৈধভাবে বিদেশী পশু যেন দেশে ঢুকতে না পারে, সেব্যাপারে সরকার পর্যবেক্ষণ করছে।
