গাজীপুরে হবু বরকে আটকে তরুণীকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার ২
গাজীপুর নগরীতে এক পোশাককর্মীকে ‘দলবেঁধে’ ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এই ঘটনায় শুক্রবার মামলা দায়েরের পর নগরীর নয়ানীপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তাররা হলে স্থানীয় শের আলী (২৫) ও ইউসুফ মিয়া (২৫)।
পূবাইল থানার ওসি মো. মহিদুল ইসলাম জানান, ওই পোশাক কর্মীর গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানার পাইশকা গ্রামে। নয়ানীপাড়া এলাকায় ভাড়া থেকে তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।
মামলার বরাতে ওসি মো. মহিদুল ইসলাম জানান, গত ৪ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানা থেকে তার হবু স্বামীর সঙ্গে বাসায় ফেরার পথে হাড়ীবাড়ী টেক (মৃধাবাড়ী আব্দুল হাইয়ের টেক) এলাকায় পৌঁছালে স্থানীয় নয়ানীপাড়ার মিলন মিয়া (৩০), মো. ইউসুফ মিয়া (২৫) ও মো. শের আলী (২৫) তাদের গতিরোধ করেন।
“এক পর্যায়ে মেয়েটির হবু স্বামীকে ইউসুফ মিয়া ও শের আলী টেনে হিঁচড়ে পাশের জঙ্গলের নিয়ে আটকে রাখে। পরে মিলন মিয়া ভিক্টিমকে ধর্ষণ করে।”
এই ঘটনায় শুক্রবার মেয়েটি বাদী হয়ে পূবাইল থানায় মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
