বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের মেয়াদ বাড়ল
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. গিয়াসউদ্দীন মিয়াকে চার বছরের জন্য দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই নিয়োগ দেওয়া হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাহফুজ-উল-আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার একথা জানানো হয়।
তার বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর ১১ জুন থেকে এই নতুন নিয়োগ কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেওয়ার জন্য গিয়াসউদ্দীন মিয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি জানান, ১৯৮৫ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে তার চাকরিজীবন শুরু হয় এবং ১৯৯৪ সালে এই বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন।
২০১৭ সালের ১১ জুন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম মেয়াদে চার বছরের জন্য ভিসি হিসেবে নিয়োগ পান।
