যশোরে মাদক নিরাময় কেন্দ্রে যুবককে ‘পিটিয়ে হত্যা’
যশোরে এক মাদক নিরাময় কেন্দ্রে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় রোববার দুপুরে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেছেন নিহতের বাবা।
এ ঘটনায় পুলিশ ওই কেন্দ্রের পরিচালকসহ ১৪ জনকে আটকও করেছে।
মৃত মাহফুজুর রহমান (২০) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাস স্ট্যান্ড এলাকায় মনিরুজ্জামানের ছেলে।
আটকরা হলেন, ওই মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক পূর্ব বারান্দীপাড়ার আবুল কাসেমের ছেলে মাসুম করিম, অপর পরিচালক বারান্দীপাড়া বটতলা এলাকার আনোয়ার হোসেনের ছেলে আশরাফুল কবির, রেজাউল করিম, ওহেদুজ্জামান, ওহিদুল ইসলাম, আল শাহরিয়া, শাহিন, ইসমাইল হোসেন, শরিফুল ইসলাম, সাগর আলী, অহেদুজ্জামান সাগর, নুর ইসলাম, হৃদয় ওরফে ফরহাদ এবং আরিফুজ্জামান।
কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, ঘটনা জানার পর রাতে প্রতিষ্ঠানটির সিসিটিভি ফুটেজ দেখে মাহফুজকে মারপিট করে হত্যার প্রমাণ পাওয়া গেছে।
“মারপিটের কারণে মাহফুজ মলত্যাগ করে ফেলে। তখন তাকে দিয়েই ওই মল পরিস্কার করানো হয়।”
পুলিশের পৃথক কয়েকটি টিম রাতভর অভিযান চালিয়ে ওই ১৪ জনকে আটক করে বলে জানান তিনি।
যশোর কোতোয়ালী থানার এসআই শংকর বিশ্বাস বলেন, সুরতহালে মৃতের পিঠ, ঘাড় ও পশ্চাৎদেশে বেশকিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নিহতের বাবা মনিরুজ্জামান জানান, মাহফুজ মাদকসেবন করায় তাকে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরে আনতে গত ২৬ এপ্রিল যশোরের রেল রোডে অবস্থিত মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করান।
“শনিবার বিকেলে খবর পাই, মাহফুজকে ওই প্রতিষ্ঠানের লোকজন মারপিট করে মেরে ফেলেছে।”
পরে তার মরদেহ অজ্ঞাত হিসেবে যশোর জেনারেল হাসপাতালে রেখে তারা চলে গেছে। যশোরে হাসপাতালের মর্গে মাহফুজের মরদেহ পান তারা বলে জানান তিনি।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তন্ময় বিশ্বাস জানান, শনিবার দুপুরে মাদক নিরাময় কেন্দ্র থেকে একটি মৃতদেহ জরুরি বিভাগে আনা হয়। নিহত ব্যক্তির কোনোও নাম-ঠিকানা লিপিবদ্ধ না লিখে কৌশলে হাসপাতাল ত্যাগ করেন বহনকারীরা।
