২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর মেডিকেলে ডায়ালাইসিস বন্ধ, ভোগান্তিতে কিডনি রোগীরা

পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট অকেজো হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি ডায়ালাইসিস তিন সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। ফলে কিডনি রোগীদের ডায়ালাইসিস না নিয়ে ফিরে যেতে হচ্ছে।

আফতাবুজ্জামান হিরু

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2021, 05:33 PM

Updated : 10 Oct 2022, 05:55 PM

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৮ এপ্রিল থেকে হাসপাতালের পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট বিকল হয়ে আছে। এই কারণে ওইদিন থেকে ডায়ালাইসিস পুরোপুরি বন্ধ রয়েছে।

রোগী ও স্বজনদের ভাষ্য, কোনো কোনো রোগী এখানে ভর্তি থেকে কিডনির চিকিৎসা নিচ্ছেন; কিন্তু ডায়ালাইসিসের প্রয়োজন হলে বাইরের বেসরকারি কোনো হাসপাতাল থেকে করিয়ে নেন। এতে অতিরিক্ত টাকা খরচ হওয়ায় সবার পক্ষে তা করা সম্ভব হয় না।

বিকল হওয়া পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট মেরামতযোগ্য নয়; তাই নতুন মেশিন কিনতে হবে বলে মত দিয়েছেন টেকনিশিয়ানরা।

বুধবার সরেজমিনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি (কিডনি) বিভাগের ডায়ালাইসিস শাখায় দেখা যায়, সবগুলো বেড রোগীশূন্য। চার-পাঁচ জন দায়িত্বরত নার্স, আয়া ও টেকনিশিয়ান অলস সময় পার করছেন। অন্য সময় ৪০ থেকে ৫০ জন কিডনি রোগী ও তাদের স্বজনদের উপস্থিতি দেখা যায়। এখন সেখানে সুনসান নীরবতা।

কর্তব্যরত ডায়ালাইসিস ইউনিটের টেকনিশিয়ান মাসুদ জানান, চলতি মাসের ৮ এপ্রিল থেকে ডায়ালাইসিস ইউনিটটি পুরোপুরি বন্ধ রয়েছে। কারণ ডায়ালাইসিসের প্রধান উপাদান পিউরিফাইড পানি, যা মেশিনের সাহায্যে পরিশোধন করা হয় সেই মেশিন দুটি পুরোপুরি বিকল হয়ে গেছে। এর আগেও কয়েকবার মেশিন দুটি বিকল হয়েছিল, পরে কোনো রকমে মেরামত করা হয়।

“এবার ঢাকা থেকে আসা টেকনিশিয়ানরা জানিয়ে দিয়েছেন, এই মেশিন দুটি আর সচল করা সম্ভব নয়। নতুন মেশিন স্থাপন করতে হবে।”

তিনি আরও জানান, একজন কিডনি রোগীকে চার ঘণ্টাব্যাপী ডায়ালাইসিস করতে হয়। এজন্য একেক রোগীর জন্য ১৮০ লিটার পিউরিফাইড [বিশুদ্ধ] পানির প্রয়োজন হয়। এটা ছাড়া ডায়ালাইসিস করা যাবে না। সেই মেশিন যদি নষ্ট থাকে তাহলে কোনোভাবেই ডায়ালাইসিস করা যাবে না।

কর্তব্যরত সিনিয়র নার্স আয়সা আক্তার জানান, রংপুর মেডিকেলে ডায়্লাইসিস করতে ছয় মাসের প্যাকেজে মাত্র ২০ হাজার টাকা লাগে। প্রতিবার ডায়ালাইসিস করতে খরচ পড়ে ৪শ টাকা। আর বাইরে করলে প্রতিবার তিন হাজার টাকা লাগে। তাই দরিদ্র মানুষরা বাইরে ডায়ালাইসিস করতে পারেন না।

ডায়ালাইসিস ইউনিট ইনচার্জ মোখলেসুর রহমান জানান, ডায়ালাইসিস মেশিন আগে ছিল ৩০টি, এখন ১৮টিতে দাঁড়িয়েছে। বাকিগুলো বিকল হয়ে পড়ে আছে। তারপরেও রোগীদের সেবা দেওয়া চলছিল কিন্তু পানি বিশুদ্ধকরণের দুটি মেশিন নষ্ট হয়ে যাওয়ায় ডায়ালাইসিস পুরোপুরি বন্ধ রয়েছে। বিষয়টি বিভাগীয় প্রধানের মাধ্যমে হাসপাতালের পরিচালককে জানানো হয়েছে।

এদিকে, নেফ্রোলজি ওয়ার্ডে গিয়ে মাত্র দুই জন কিডনি রোগে আক্রান্ত রোগীর দেখা পাওয়া গেল। পুরো ওয়ার্ডে ফাঁকা পড়ে আছে অর্ধশতাধিক বেড।

কুড়িগ্রাম থেকে আসা কিডনি রোগী ১৬ বছরের কিশোর সালাম জানান, হাসপাতালের বাইরে বেসরকারি তিন-চারটি হাসপাতালে ডায়ালাইসিস করা যায়। প্রথমে দিতে হয় ১৫ হাজার টাকা, এরপর প্রতিবারের জন্য দিতে হয় তিন হাজার টাকা।

সালামের মা মনোয়ারা বেগম বলেন, “আমরা গরিব মানুষ। প্রতিবার তিন হাজার টাকা দিয়ে ডায়ালাইসিস করা কোনোভাবে সম্ভব নয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস করতে লাগে মাত্র ৪শ টাকা। ১৯ দিন যাবৎ মেশিন নষ্ট অথচ কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নিচ্ছে না।”

তিনি বলেন, বাইরে থেকে ডায়ালাইসিস করিয়ে এই হাসপাতালে ভর্তি রেখে অন্যান্য চিকিৎসা নিচ্ছেন।

বিমল চন্দ্র বর্মনের ছেলে পলাশ চন্দ্র বলেন, তার বাবাকে ১৯ তারিখে রংপুর মেডিকের কলেজ হাসপাতালের ডায়ালোসিস করার জন্য ভর্তি করান। কিন্তু এখানে মেশিন নষ্ট হওয়ার কারণে বাইরে করতে হয় ডায়ালোসিস। সরকারি মেডিকেল হাসপাতালে খরচ হয ৪০০ টাকা, আর বাইরে খরচ হয় ৩০০০ টাকা।

“আমরা গরিব মানুষ; এত টাকা কোথায পাব। যে টাকা ছিল এই কয়দিনে শেষ হয়ে গেছে। এখন গরু বিক্রি করতে হবে না হলে বাবার চিকিৎসা চালাতে পারব না। তাই আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে আকুল আবেদন জানাই তারাতারি যেন মেশিন ভালো করার ব্যবস্থা নেওয়া হয়।”

এদিকে, নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সৈয়দ আনিসুজ্জামান বলেন, “পানি বিশুদ্ধকরণ মেশিন নষ্ট হয়ে যাওয়ায় ডায়ালাইসিস করা যাচ্ছে না। রোগীদের ডায়ালাইসিস করা করা হচ্ছে না।”

এই বিষয়ে বিস্তারিত জানতে হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলতে বলেন তিনি।

হাসপাতালের পরিচালক ডা. রেয়াজুল করিম মেশিন মেরামত করতে না পারার কারণ হিসেবে লকডাউনকে দুষছেন।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।