খুলনায় আসবাবপত্রের কারখানা ভস্মীভূত
খুলনায় আগুনে একটি বেতের আসবাবপত্রের কারখানা ভস্মীভূত হয়েছে।
সোমবার বিকেল সোয়া ৪টার দিকে নগরীর সোনাডাঙ্গা ১ নম্বর বয়রা ক্রস রোডের ঈদগাহ জামে মসজিদের পেছনে ‘মিল্টন কেইন ফার্নিচার’ নামের কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার সাইফুজ্জামান বলেন, সোমবার বিকাল ৪টা ২৮ মিনিটে এ কারখানায় আগুন লাগার সংবাদ পেয়ে ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।
“প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগেছে।”
স্থানীয়রা জানান, আগুন লাগার সাথে সাথে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। একইসাথে স্থানীয় যুবকরা পার্শবর্তী একটি ট্যাঙ্ক থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।
কারখানার মালিক এনামুল কবির জানান, আগুনে লক্ষাধিক টাকার বেত, ফোম, তুলা, কাঠ, কাপড়সহ আনুসাঙ্গিক মালামাল পুড়ে গেছে।
