২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে মুক্তিপণের জন্য অপহৃত পোশাক শ্রমিকের লাশ

ঢাকার সাভার উপজেলায় মুক্তিপণের জন্য অপহরণের ১৭ দিন পর এক পোশাক শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2020, 09:57 PM

Updated : 08 Apr 2022, 01:46 AM

উপজেলার আলগীরচরে বুড়িগঙ্গা নদী থেকে রোববার বিকেলে রাব্বী হোসেন (২২) নামে এই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের পরিদর্শক নাজমুল হাসান।

রাব্বি ভোলার লালমোহন থানার গণেশপুর গ্রামের নূর হোসেনের ছেলে। স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন তিনি।

গ্রেপ্তারকৃত রাসেল জামালপুরের মাদারগঞ্জ থানার শাহাজান মিয়ার ছেলে।

এছাড়া হত্যায় জড়িত সন্দেহে মাহমুদুর রহমান মামুন নামে আরও একজনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে। মামুন লক্ষ্মীপুর সদর উপজেলার রফিক উল্লাহর ছেলে।

পরিদর্শক নাজমুল প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, গত ২৬ নভেম্বর রাব্বীকে মোবাইল ফোনে ডেকে নেন প্রতিবেশী রাসেল ও মামুন। পরে তারা রাব্বীর বাবার কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

গ্রেপ্তারকৃতকে জিজ্ঞসাবাদের তথ্য দিয়ে পরিদর্শক বলেন, মুক্তিপণের টাকা না পেয়ে হেমায়েতপুরের একটি বাড়িতে নিয়ে ওষুধ দিয়ে ঘুমিয়ে রাখা হয় রাব্বীকে। জ্ঞান ফিরে চিৎকার করেন রাব্বী। এ সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করে বস্তাবন্দি করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়।

এ ঘটনায় গত ২৭ নভেম্বর রাব্বীর বাবা থানায় অভিযোগ দেন রাসেল ও মামুনের বিরুদ্ধে।

পরিদর্শক নাজমুল বলেন, ঘটনা তদন্তে নেমে পুলিশ প্রযুক্তির মাধ্যমে শনিবার গভীর রাতে রাসেলকে ময়মনসিংহের কাউনিয়া গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়। মামুন এখনও পলাতক। তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।