নারায়ণগঞ্জে নূর হোসেনের চাঁদাবাজি মামলায় রায় ১০ ডিসেম্বর
নারায়ণগঞ্জে সাত খুন মামলায় ফাঁসির আদেশপ্রাপ্ত আসামি নূর হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলায় রায় হবে আগামী ১০ ডিসেম্বর।
যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিন রায়ের দিন ঠিক করে দেন বলে এপিপি জাসমিন আহমেদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নূর হোসেনের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ আটটি মামলা রয়েছে। চাঁদাবাজির একটি মামলায় যুক্তিতর্ক শেষে আগামী ১০ ডিসেম্বর রায়ের দিন ঠিক করেছে আদালত। একই আদালতে মাদকের একটি মামলায় একজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন বৃহস্পতিবার।
মামলা শুনানির জন্য সকাল সাড়ে ৯টার দিকে নূর হোসেনকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জে আনা হয়।
সাক্ষ্য গ্রহণ শেষে নূর হোসেনকে আবার গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।
২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর হত্যার মামলায় নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত ২৬ জনকে ফাঁসির আদেশ দেয়। তাদের মধ্যে রয়েছের নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তা। সেই থেকে নূর হোসেন কারাগারে বন্দি রয়েছেন।
