গাজীপুরে ডাকাতির এক মাস পর গয়নাসহ গ্রেপ্তার ৭
গাজীপুর শহরের কুদাবহ এলাকায় ডাকাতির এক মাস পর সোনার গয়নাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পূবাইল থানার ওসি মো. নাজমুল হক শুক্রবার দুপুরে সাংবাদিকদের বলেন, গত ১৭ অগাস্ট রাতে কুদাবহ এলাকার হোসেন উদ্দিন পাহলোয়ান নামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা দরজা ভেঙে অস্ত্রের মুখে ভয়-ভীতি দেখিয়ে সোনার গয়না, টাকা ও অন্য মালপত্র লুট করে। এছাড়া ডাকাতরা কয়েকজনকে ছুরিকাঘাতে আহত করে।
এ ঘটনায় তার পরদিন পূবাইল থানায় মামলা হয়।
ওসি বলেন, পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জসিম উদ্দিন আশরাফুল হকের নেতৃত্বে গাজীপুরের পুলিশ ঢাকা ও নরসিংদীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। তারা ১৯ অগাস্ট আট ভরি সোনার গয়না ও ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপসহ অস্ত্র উদ্ধার করেছে।
ওসি জানান, গ্রেপ্তারকৃতরা হলেন- নরসিংদীর শেখ ফরিদ (৩৫), সাইফুল ইসলাম (৫২), নূরুল আমিন ওরফে নুরা (৩৫), আতিউর রহমান আপেল (৩৭), ইয়াহিয়া ওরফে ইয়াকুব (৪৮), রনি (২৮) ও দুলাল (৩৫)।
