অপপ্রচার: শিপ্রার মামলা নেয়নি কক্সবাজার সদর থানা
টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের সহকর্মী শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি ও ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অপপ্রচারের অভিযোগে মামলা গ্রহণ করেনি কক্সবাজার সদর থানা।
মামলাটি রামু থানা অথবা ঢাকায় আইসিটি ট্রাইব্যুন্যালে দায়ের করার পরামর্শ দিয়েছে পুলিশ।
তবে বুধবার দুপুর ২টা পর্যন্ত মামলা করতে কেউ থানায় আসেননি বলে জানিয়েছেন রামু থানার ওসি মো. আবুল খায়ের।
কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ খায়রুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে পৌনে ১২টায় ব্যক্তিগত আইনজীবীসহ মামলা করতে শিপ্রা দেবনাথ থানায় এসেছিলেন। কিন্তু মামলাটির বিষয়বস্তু এখতিয়ার বহির্ভূত হওয়ায় আবেদনটি নথিভূক্ত করা হয়নি।
“নিহত সিনহার সহকর্মী শিপ্রা দেবনাথের বিরুদ্ধে দায়ের মামলার ঘটনাস্থল রামু থানা এলাকায়। তাই কথিত অপপ্রচারের অভিযোগে মামলার আবেদনটি পুলিশ গ্রহণ করেনি। অভিযোগকারীকে রামু থানায় অথবা ঢাকায় আইসিটি ট্রাইব্যুন্যালে মামলা করতে পরামর্শ দেয়া হয়েছে।”
গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ।
দুই বছর আগে সেনাবাহিনী থেকে অবসরে যাওয়া রাশেদ ‘লেটস গো’ নামে একটি ভ্রমণ বিষয়ক ডকুমেন্টারি বানানোর জন্য গত প্রায় একমাস ধরে কক্সবাজারের হিমছড়ি এলাকায় ছিলেন। ওই কাজেই তার সঙ্গে ছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থী সিফাত ও শিপ্রা।
এরপর সিনহা হত্যাকাণ্ড নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যে তাদের তৈরি করা একটি ডকুমেন্টারি ফেইসবুকে ভাইরাল হয়। ওই ভিডিও তাদের প্রকাশিত না হওয়ায় নিজেদের ‘স্বপ্নকে’ টিকিয়ে রাখতে ‘জাস্ট গো’-তে ডকুমেন্টারি প্রকাশের ঘোষণা দিয়ে একটি ভিডিও আপলোড করেন শিপ্রা। এরপরই শুরু হয় তাকে নিয়ে নানা ধরনের ‘নোংরা’ প্রচারণা।
গত সোমবার শিপ্রা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় এজন্য সুনির্দিষ্টভাবে কাউকে দায়ী না করলেও পুলিশ বাহিনীর কেউ এই কাজ করছেন বলে সন্দেহ প্রকাশ করেন।
ওইদিন তিনি বলেলেন, “মেজর সিনহা হত্যাকাণ্ডের পর পুলিশ আমাদের রিসোর্টে এসে দুটি মনিটর, ল্যাপটপ, ডেক্সটপ, ক্যামেরা, লেন্স, তিনটি হার্ডড্রাইভ এবং আমাদের ফোন ডিভাইস সব নিয়ে যায়, জব্দ তালিকায় যার কোনোটিরই উল্লেখ নেই। আমি জানি না, কীভাবে কার কাছে সেগুলো ফেরত চাইব। আমাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে, ডিভাইস থেকে সেই ছবি চুরি করে কিছু বিকৃত মস্তিষ্কের দায়িত্বশীল অফিসাররাই ফেইসবুকে সেই সব শেয়ার করেছেন।”
এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছিলেন তিনি।
কক্সবাজারে শুটিং করতে যাওয়া ‘জাস্ট গো’ টিমের সদস্য সিনহা মো. রাশেদ খান, শিপ্রা দেবনাথ, সাহেদুল ইসলাম সিফাত এবং বিদেশি একজন।
“এসব ছবি ও ভিডিওচিত্রে বিকৃতির আশ্রয় নিয়ে কিছুসংখ্যক পুলিশসহ নানা ব্যক্তি শিপ্রার নামে অশ্লীল ও কুরুচিপূর্ণ অপপ্রচার চালিয়েছে। এতে সামাজিক ও মানসিকভাবে শিপ্রা বিপর্যস্ত হয়েছেন।”
অপপ্রচারের এ ঘটনায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান ও ঢাকার পিবিআইর পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান মাহবুবুল।
“অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এজাহার নিয়ে বাদী ও তার সহকর্মী সাহেদুল ইসলাম সিফাতসহ মঙ্গলবার রাতে কক্সবাজার সদর থানায় গিয়েছিলাম। কিন্তু পুলিশ বিষয়বস্তু ‘এখতিয়ার বহির্ভূত’ দাবি করে মামলাটি গ্রহণ করেনি।”
আইনজীবী মাহবুবুল জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে শিপ্রার নামে অপপ্রচারের অভিযোগে ঢাকার এক আইনজীবী হাই কোর্টে রিট করেছেন। এ বিষয়ে হাই কোর্টের আদেশ পাওয়ার পর মামলা করার বিষয়টি ভেবে দেখা হবে।
