২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবিতে রাবি শিক্ষকদের অবস্থান

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।  

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2020, 06:30 PM

Updated : 18 Aug 2022, 03:16 PM

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাবাশ বাংলাদেশ চত্বরে এই দাবিতে কয়েকটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন।  

কর্মসূচিতে শিক্ষকরা প্ল্যাকার্ডের মাধ্যমে এই আইনে গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবি জানান।

আওয়ামী লীগের সদ্য প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমকে নিয়ে কটূক্তি করার অভিযোগে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত বুধবার [১৭ জুন] গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

নাসিমকে নিয়ে ফেইসবুকে মন্তব্য, রাবি শিক্ষক গ্রেপ্তার

তাদের বহন করা প্ল্যাকার্ডে লেখা হয়-‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল কর, সকল গ্রেপ্তারকৃতদের মুক্তি দাও, বাক স্বাধীনতা ফিরিয়ে দাও।’

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আ-আল মামুন, সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার, নৃবিজ্ঞানের অধ্যাপক বখতিয়ার আহমেদ, সহযোগী অধ্যাপক কাজী রবিউল আলম, পরিবেশ বিজ্ঞান ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক এস এম শফিউজ্জামান, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম কনক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলি আহমেদ নিশান অংশ নেন।