২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর মেডিকেল থেকে পলায়ন, ধরে আনল পুলিশ

করোনাভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে আইসোলেশনে থাকা এক ব্যক্তি পালানোর পর ফের পুলিশ ধরে এনেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2020, 09:12 PM

Updated : 18 Aug 2022, 03:02 PM

সোমবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ব্যক্তি পালান। দেড়ঘণ্টা পর তাকে পুলিশ আবার ধরে হাসপাতালে আনে।

ফরিদপুরের নরগকান্দা উপজেলার ডাঙ্গি গ্রামের এই ব্যক্তি ঢাকায় একটি টেলিভিশন চ্যানেলের একজন পরিচালকের গাড়ির চালক। গত ৪ মে তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন। ১২ মে তার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে রাখা হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, সকাল ৯টার কিছুক্ষণ আগে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের এই রোগী গেটের বাইরে চলে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে বিষয়টি হাসপাতালের আবাসিক চিকিৎসক তাকে জানান। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ফরিদপুর ও নগরকান্দা থানা পুলিশকে জানায়।

নগরকান্দা থানার ওসি সোহেল রানা বলেন, খবরটি জানার পর তারা পালানো ওই কোভিড-১৯ আক্রান্ত রোগীর সন্ধানে সম্ভাব্য সকল স্থানে বার্তা পাঠান।

“এক পর্যায়ে ফরিদপুর-বরিশাল রোডের গজারিয়ার মোড় থেকে স্থানীয় ইউপি সদস্যদের সহায়তায় তাকে ধরে সকাল সাড়ে ১০টার দিকে অ্যাম্বুলেন্সযোগে তাকে আবার ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়।”