ত্রাণের গাড়িতে ইয়াবা, ইউপি সদস্য ‘লাপাত্তা’
কক্সবাজারের মহেশখালীতে ত্রাণ বিতরণের কাজে নিয়োজিত একটি কভার্ডভ্যান থেকে দেড় লাখ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ, আটক করা হয়েছে দুইজনকে।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) বাবুল আজাদ বলছেন, ইয়াবাগুলো ওই কভার্ডভ্যানে করে কক্সবাজার থেকে চট্টগ্রামে ‘পাচার’ করা হচ্ছিল। ছোট মহেশখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ওসমান গণিও ‘এর সঙ্গে জড়িত’ বলে আটক দুজন পুলিশকে জানিয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ডেইল পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা ওই ত্রাণের গাড়ির সঙ্গে মহেশখালীতে গিয়েছিলেন।
তবে ওই গাড়ির চালক বা সহকারীকে আটক করা যায়নি জানিয়ে পরিদর্শক বাবুল বলেন, “ইউপি সদস্য ওসমান গণিও পলাতক। বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।”
তিনি বলেন, ভ্যানের পাটাতনের ভিতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়। তখন ভ্যানে থাকা দুইজনকে আটক করে পুলিশ।
“পরে তারা ছোট মহেশখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওসমান গণির সহায়তায় ওই ত্রাণ সামগ্রী স্থানীয়দের মাঝে বিতরণ করে। গাড়িটি চট্টগ্রামে ফেরার জন্য প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ অভিযান চালায়।”
এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
