২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেকে নেওয়ার ৩ দিন পর প্রতিবন্ধীর লাশ উদ্ধার, বন্ধু আটক

নড়াইলে বাড়ি থেকে ডেকে নেওয়ার তিন দিন পর এক শারীরিক প্রতিবন্ধী কিশোরের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2020, 06:58 PM

Updated : 18 Aug 2022, 02:56 PM

মঙ্গলবার দুপুরে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের নওখোলা গ্রামে তার লাশ পাওয়া যায় বলে লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান।  

নিহত মোজাহের শেখ (১৭) শালনগর ইউনিয়নের নওখোলা গ্রামের বকুল শেখের ছেলে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহত কিশোরের এক বন্ধুকে আটক করেছে।

নিহতের বাবা বকুল শেখ বলেন, “গত শনিবার সন্ধ্যার পর মোজাহেরের বন্ধু প্রিন্স, এরশাদ তাকে আড্ডা দেওয়ার জন্য ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি।”

তার নিখোঁজের বিষয়টি উল্লেখ করে গত সোমবার লোহাগড়া থানায় তিনি সাধারণ ডায়েরি করেন বলে জানান।

তার ভাষ্য, “আমার ধারণা, আমার ছেলেকে তার বন্ধুরাই ডেকে নিয়ে হত্যা করেছে। আমি সন্তান হত্যার বিচার চাই।”

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে এলাকাবাসী নওখোলা গ্রামের একটি ধানক্ষেতের মধ্যে ওই কিশোরের গলিত লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।

“নিহতের দুই হাতের কব্জি কাটাসহ মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ওই গ্রামের নুর ইসলামের ছেলে এরশাদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।”