নীলফামারীতে আক্রান্ত আরও দুজন, জেলায় ১২
নীলফামারীতে আরও দুইজনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এনিয়ে জেলায় এ রোগে আক্রান্তের সংখ্যা ১২ জনে দাঁড়াল।
মঙ্গলবার দুপুরে জেলার সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন এ তথ্য নিশ্চিত করেন।
করোনা জেলা নিয়ন্ত্রণ কক্ষ প্রধান ও সিভিল সার্জন দপ্তরের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, নতুন আক্রান্ত দুইজনের বাড়ি জেলার জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনা ডাংগাপাড়া গ্রামে। তাদের মধ্যে ১৮ বছর বয়সের এক যুবক ও ২৫ বছর বয়সী এক নারী রয়েছেন। সম্পর্কে তারা চাচাত ভাইবোন। তারা ঢাকার একটি পোশাক কারখানার শ্রমিক।
“দুইজনই জ্বর ও সর্দি নিয়ে গত ২৫ এপ্রিল ঢাকা থেকে বাড়িতে আসেন। ওই দিনই তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার সকালে তাদের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।”
সিভিল সার্জন বলেন,“মঙ্গলবার শনাক্ত হওয়া দুইজনকে নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে। তাদের বাড়িসহ চারটি বাড়ি অবরুদ্ধ করে পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের সংর্স্পশে আসা ব্যক্তিদের চিহ্নিত করণের কাজ চলছে।”
নতুন দুইজনসহ জেলায় বর্তমানে মোট নয়জন আইসোলেশনে রয়েছেন বলে জানান তিনি।
