২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির মামলায় শরীয়তপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

খাল কাটার কাজে ঠিকাদারের লোকজনকে মারধর ও চাঁদাবাজির মামলায় শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2020, 05:31 PM

Updated : 18 Aug 2022, 02:56 PM

পালং মডেল থানার ওসি মো. আসলাম উদ্দিন জানান, সোমবার সকালে আংগারিয়া বাজার থেকে আনোয়ার হোসেনকে তারা গ্রেপ্তার করেন।

ওসি বলেন, আংগারিয়া ইউনিয়নের দাদপুর সিনিয়র মাদ্রাসা থেকে তুলাতলা খাল পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের একটি খাল খনন কাজে চেয়ারম্যান ও তার লোকজন চাঁদা দাবি করে। এ খালের খনন কাজের ঠিকাদার আংগারিয়া এলাকার মতিউর রহমান মামুন।ওই ঠিকাদারের ম্যানেজার মজিবর সরদার চাঁদা দিতে অস্বীকার করলে চেয়ারম্যান ও তার লোকজন মজিবর ও তার ছোট ভাই এমদাদ সরদারকে মারধর করে গুরুতর আহত করে।

পরে এ ঘটনায় মামুন বাদী হয়ে গত ১৩ এপ্রিল চেয়ারম্যানসহ ১৪ জনকে আসামি করে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেন।”

ওই মামলায় আনোয়ারকে গ্রেপ্তারের পর আদালতে হস্তন্তর করা হয় বলে জানান তিনি।