২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: ময়মনসিংহে প্রথম মৃত্যু ইটভাটার শ্রমিকের

ময়মনসিংহ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ইটভাটার এক শ্রমিক (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন; এটাই জেলায় এ রোগে প্রথম মৃত্যুর খবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2020, 08:09 PM

Updated : 18 Aug 2022, 02:52 PM

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার সময় এসকে হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত ১১ এপ্রিল ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনাভাইরাস পরীক্ষায় পজেটিভ ধরা পড়ে তার। ঐ দিনই তাকে উদ্ধার করে ময়মনসিংহের এসকে হাসপাতালে ভর্তি করা হয়।

জেলা সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, ভর্তির সময় থেকেই প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল তার। গত দু্দিন আগে তাকে আইসোলেশন ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

“তাকে আপ্রাণ চেষ্টা করেও শেষ পর্যন্ত মৃত্যুর হাত থেকে বাঁচানো যায়নি।”

মৃতের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুরের বালিয়া ইউনিয়নের কাইসাপুর গ্রামে।

মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছে জানান তিনি। 

এদিকে বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রথম শিফটের পরীক্ষা শেষে ময়মনসিংহ জেলায় নতুন করে আটজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ হল বলে স্বাস্থ্য বিভাগের তথ্য।

নতুন আক্রান্তদের মধ্যে গফরগাঁও তিন, ঈশ্বরগঞ্জ চার ও ময়মনসিংহ সদরের মাসকান্দায় একজন রয়েছেন।