টেকনাফে ‘মালয়েশিয়াফেরত’ ৩শ রোহিঙ্গা উদ্ধার
কক্সবাজারে টেকনাফ উপকূল থেকে নারী ও শিশুসহ তিন শতাধিকে রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে, যাদের 'মালয়েশিয়াফেরত' বলছে কোস্টগার্ড।
বুধবার রাত ১০টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের জাহাজ ঘাট থেকে তাদের উদ্ধার হয় বলে কোস্টগার্ডের টোকনাফ স্টেশন ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার এম সোহেল রানা জানান।
তিনি বলেন, "উদ্ধার হওয়া রোহিঙ্গারা সবাই একটি জাহাজে করে কিছুদিন আগে সাগরপথে মালয়েশিয়া যাত্রা করেছিল; কিন্তু পরে দেশটিতে ভিড়তে না পারায় বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হয়েছে।"
“এরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা; এদের অধিকাংশই নারী ও শিশু।”
সোহেল রানা বলেন, বুধবার রাতে শামলাপুর জাহাজ ঘাট এলাকায় রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার অবস্থান করছে বলে স্থানীয়রা কোস্টগার্ডকে খবর দেয়। পরে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিন শতাধিক রোহিঙ্গাকে উদ্ধারসহ একটি ট্রলার জব্দ করা হয়।
"উদ্ধার হওয়া রোহিঙ্গারা সবাই ট্রলার থেকে উপকূলে নেমে আসছিল। তারা মালয়েশিয়ায় ভিড়তে না পারায় বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হয়েছে। এদের অধিকাংশই নারী ও শিশু।"
উদ্ধার হওয়াদের বরাত দিয়ে কোস্টগার্ডের এ কর্মকর্তা বলেন, "কিছুদিন আগে উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা এসব রোহিঙ্গা ট্রলারযোগে সাগরপথে মালয়েশিয়ার উদ্দ্যেশে রওনা হয়েছিল। কিন্তু নানাভাবে চেষ্টার পরও তারা মালয়েশিয়া ভিড়তে পারেনি।"
উদ্ধার হওয়া টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ জোবাইর বলেন, মাসখানেকের বেশি আগে প্রায় ৩/৪শ রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার সাগরপথে মালয়েশিয়ার উদ্দ্যেশে রওনা দেয়। সেখানে পৌঁছলেও দেশটিতে কড়াকড়ির কারণে ভিড়তে পারেনি।
"এতদিন সাগরে ভাসমান অবস্থায় ছিলাম। অনেক চেষ্টার পরও ট্রলারটি মালয়েশিয়ার উপকূলে ভিড়তে পারেনি। দীর্ঘদিন সাগরে অবস্থানের সময় অন্তত ২০ থেকে ২৫ জন মারা গেছে। পরে ট্রলারটি বাংলাদেশে ফেরত আসতে বাধ্য হয়েছে।"
টেকনাফের ইউএনও সাইফুল ইসলাম বলেন, "উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বাহারছড়া কোস্টগার্ড স্টেশনে জড়ো করা হচ্ছে। আগে তাদের তালিকা তৈরির কাজ চলছে।"
"করোনা সংকটের এ সময়ে এসব রোহিঙ্গারা যেহেতু মালয়েশিয়া ভিড়তে না পেরে ফেরত এসেছে বলছে; তাদের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মত ব্যবস্থা নেওয়া হবে।”
