২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে আইসোলেশন ওয়ার্ডের ৩ জন ‘শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা’

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি এক দম্পতিসহ তিন করোনাভাইরাসের রোগী সুস্থ রয়েছেন বলে কর্তৃপক্ষ জনিয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2020, 03:15 PM

Updated : 08 Apr 2022, 12:37 AM

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইয়ার আলী মুন্সির ভাষ্য, আক্রান্ত ওই তিনজন শারীরিক ও মানসিকভাবে এখন অনেকটাই ‘চাঙ্গা’ রয়েছেন। খাবারও খাচ্ছেন ‘সুস্থ’ মানুষের মত। 

তাদের চিকিৎসা,পরামর্শ ও খাবার সরবরাহসহ সব ধরনের সেবা নিয়মিত দেওয়া হচ্ছে বলে জানান তিনি। 

ইয়ার আলী বলেন, “আইসোলেশন ওয়ার্ডের একটি রুমে করোনাআক্রান্ত স্বামী-স্ত্রীকে এবং আরেকটি কক্ষে আরও এক ব্যক্তিকে রাখা হয়েছে। তারা কম তেল, ঝাল দিয়ে বাড়িতে রান্নাকরা খাবারের মত খাবার খেতে চাইছেন। তাই তাদের প্রতিদিন দুপুরে ভাত, সবজি, মুরগির মাংস/মাছ ও ডাল দেওয়া হচ্ছে। আর সকাল ও রাতে স্বাভাবিক খাবার দেওয়া হচ্ছে।

“এছাড়া স্বজনদের পাঠানো শুকনা খাবার বিস্কুট, মুড়ি ও চিড়াসহ বিভিন্ন রকমের ফলও রোগীদের দেওয়া হচ্ছে। তারা সুস্থ মানুষের মতোই সেসব খাবার খাচ্ছেন।”

এই চিকিৎসক আরও বলেন, “আমাদের আইসোলেশন ওয়ার্ডের পরিবেশ খুবই সুন্দর। এ কারণে সেখানে তারা স্বাচ্ছন্দ বোধ করছেন।”