চুয়াডাঙ্গায় জ্বরে নারীর মৃত্য, ৫ বাড়ি অবরুদ্ধ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় জ্বরে ষাটোর্ধ্ব এক নারীর মৃত্যুর পর পাঁচটি বাড়ি অবরুদ্ধ করা হয়েছে।
শনিবার জীবননগরের হাসাদহ গ্রামে মেয়ের বাড়িতে ৬৫ বছর বয়সী এই নারীর মৃত্যু হয়।
জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুলিয়েট পারউইন পরিবারের লোকজনের উদ্ধৃতি দিয়ে জানান, এক সপ্তাহ আগে ওই নারী পাশের জেলা ঝিনাইদহের মহেশপুর উপজেলায় আত্মীয় বাড়ি বেড়াতে যান।
“সেখানে তার জ্বর, গলাব্যথা ও পাতলা পায়খানা হয়। পরে তাকে নিয়ে আসা হয় জীবননগর উপজেলার হাসাদহ গ্রামে মেয়ের বাড়ি। সেখানে শনিবার রাতে তার মৃত্যু হয়।”
নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানান জুলিয়েট।
জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “ওই নারীর মৃত্যু হয়েছে জীবননগরের হাসাদহ গ্রামে। তার সংস্পর্শে এসেছিলেন হাসাদহ গ্রামের এমন লোকজনের পাঁচটি বাড়ি আমরা ‘লকডাউন’ করেছি।”
