২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুপুরের খাবারে ভীষণ খুশি শিশু শিক্ষার্থীরা  

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বয়রা গ্রামের শিশুদের দিনটি ছিল খুবই আনন্দের। স্কুলে তাদের দুপুরের খাবার দেওয়া হয়েছে।

মনোজ সাহা

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2020, 11:52 PM

Updated : 18 Aug 2022, 02:16 PM

মঙ্গলবার তারা দুপুরের টিফিন হিসেবে পেয়েছে রান্না করা গরম খিচুড়ি; সঙ্গে ডিম ভুনা। খাবার খেয়ে শিশুরা ভীষণ খুশি।

শিশুদের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও একই মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন।

দারিদ্রপীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় স্কুল মিল কার্যক্রম উদ্বোধন করেন তারা।

এ সময় সচিব আকরাম আল হোসেন বলেন, টুঙ্গিপাড়া উপজেলার ১৩টি বিদ্যালয়ে মঙ্গলবার চালু হলো এই কার্যক্রম। শিগগির বাকি স্কুলগুলোতেও তা শুরু হবে। সারাদেশের আরও ১৬টি উপজেলায় একইরকম খাবার বিতরন শুরু হবে।

তিনি বলেন, “প্রতিদিন প্রতিটি শিশুকে খাবার দেওয়া হবে। তিনদিন সবজি-খিচুড়ি, বাকি তিনদিন ডিম-খিচুড়ি। আমরা চাই, শিশুদের আর যেন ক্ষুধা নিয়ে ক্লাস করতে না হয়। ২০২৩ সালের মধ্যে আমরা সব বিদ্যালয়ে মিডডে মিল চালু করব।”

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণের মতো মহতি এই কাজ টুঙ্গিপাড়া থেকে শুরু হলো। এই মাটিতে জাতির পিতা বঙ্গবন্ধু জন্মেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, শিশুদের আর বিস্কুট নয়, খাবার দেওয়া হবে। ২০২০-২০২১ অর্থবছর হতে পর্যায়ক্রমে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ফিডিং প্রকল্পের আওতায় আনয়নের লক্ষ্যে ডিপিপি প্রণয়নের কার্যক্রম শেষ পর্যায়ে আছে।

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়া রোধ, ক্লাসে ধরে রাখা এবং শিক্ষার মান বাড়াতে সব শিক্ষার্থীকে দুপুরের খাবার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

শিশুদের জন্য যুগান্তকারী এ সিদ্ধান্ত নেওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় স্কুল মিল নীতিমালা ২০১৯-এর খড়ার অনুমোদন দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

তিনি বলেন, বিএনপি জামায়াতের সময়ে ঝড়ে পড়ার হার ছিল ৫০ শতাংশ। এখন তা ১৮ শতাংশে এসে দাঁড়িয়েছে।

“এ কর্মসূচির মাধ্যমে আমরা ঝড়ে পড়ার হার শূন্যতে নামিয়ে আনব। আমাদের শিক্ষার্থীদের ২০৪১ সালের উপযুক্ত করে গড়ে তুলব।”

এই প্রকল্পের পরিচালক মো. রুহুল আমিন খান বলেন, গোপালগঞ্জে ঝড়ে পড়ার হার ৩.১১ শতাংশ। এ কার্যক্রম শুরুর পর এ হার আরও কমে শূন্যে নেমে আসবে।

বিশ্ব খাদ্য কর্মসূচির খুলনা অঞ্চলের উপপ্রধান (সাব হেড) মাহফুজুল আলম বলেন, চাল, ডাল, তেল, সবজি দিয়ে রান্না করে পুষ্টিসম্পন্ন খিচুরি খওয়ানো হবে। পাশাপাশি ডিম-খিচুরিও দেওয়া হবে। স্কুলের আশপাশে নির্ধারিত কৃষকের উঠানে উৎপাদিত নিরাপদ সবজি খিচুরিতে ব্যবহার করা হবে। পুষ্টিসমৃদ্ধ খাবার খেয়ে শিশুরা সঠিক পুষ্টি পাবে।

নিলফা বয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী সুলতানা খাতুন বলে, “সব খাতি পারি নেই। বাকিটুক বাড়ি নিয়ে যাবানে।”

সুলতানার মতো একইভাবে আনন্দ প্রকাশ করে সুমি, ঝুমা, আবিদ, আনারুলসহ অনেকেই।

৫ম শ্রেণির ছাত্রী কেয়া মণি বলে, “স্কুল ছুটির আগে খুব খিদা লাগে। স্কুলের পড়াশোয় তখন মন বসতে চায় না। এখন খাবার দেওয়া হচ্ছে এতে এ সমস্যা থাকবে না।”

একই শ্রেণির রুমানা আক্তার বলে, “বাড়ি থেকে খাবার বয়ে আনা বাড়তি ঝামেলা। টিফিনের সময় এ হালকা খাবার খাওয়ার পর স্কুল ছুটির অনেক আগেই খিদে লাগে। স্কুলেই খাবার দিচ্ছে। তাই এ দুই সমস্যা থেকে আমরা মুক্তি পেয়েছি।”

৪র্থ শ্রেণির মো. আরিফ হোসেন বলে, “আমরা স্কুলের খাবার পেয়ে খুবই আনন্দিত। এখন পড়াশেনা ভালো হবে। টিফিনের পর আর স্কুল থেকে চলে যেতে হবে না।”

৪র্থ শ্রেণির ছাত্রী মীম আক্তার বলে, “আমাদের দুয়েকজন সহপাঠী মাঝে মাঝে স্কুলে আসে না। এখন খাবার দেওয়া হচ্ছে শুনে তারাও নিয়মিত স্কুলে আসবে বলে জানিয়েছে।”

নিলফা বয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপ্তী রানী বিশ্বাস বলেন, এই স্কুলে উপস্থিতির হার শতকরা ৯৭ ভাগ। টিফিনের পর স্কুল পালানোর প্রবণতা রয়েছে। মিডডে মিল চালু করা হয়েছে। এখন স্কুলে শতভাগ শিক্ষার্থী উপস্থিত হবে।

“স্কুল পালানো বন্ধ হয়ে যাবে। ক্ষুধায় শিশুরা ক্লান্ত হবে না। ক্লাসে তারা মনোযোগী হয়ে উঠবে। শিক্ষার মান বৃদ্ধি পাবে।”

এর আগে সকাল সাড়ে ৯টায় প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও সচিব মো. আকরাম-আল-হোসেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তারা পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।