২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ‘স্কুলছাত্রী ধর্ষণ’, সহপাঠীসহ গ্রেপ্তার ৩

রাজশাহীর গোদাগাড়ীতে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় তার দুই সহপাঠীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2020, 04:46 PM

Updated : 08 Apr 2022, 12:11 AM

গোদাগাড়ী মডেল থানার ওসি খায়রুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে গোদাগাড়ী পৌরসভায় একটি  বাড়িতে ডেকে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করা হয় বলে তার মা মামলায় উল্লেখ করেন।

স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে (১৪) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়। সে গোদাগাড়ী উপজেলার একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী।   

আটকদের মধ্যে দুইজন মেয়েটির সহপাঠী এবং একজন দশম শ্রেণির ছাত্র। (কিশোর বলে নাম প্রকাশ করা হলো না।)

ওসি বলেন, গ্রেপ্তার এক ছাত্রের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ওই ছাত্রীকে কৌশলে তার কথিত প্রেমিক আরেক সহপাঠীর বাসায় ডেকে নিয়ে যায়।  ওই সময় ওই বাসায় কেউ ছিল না।

“এ সুযোগে ওই সহপাঠী মেয়েটিকে ধর্ষণ করে; আর বাকিরা বাইরে পাহারা দেয়।”    

পরে মেয়েটি বাড়ি ফিরে তার মাকে বিষয়টি জানালে তিনি রাতেই থানায় মামলা দায়ের করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।    

জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) আব্দুর রাজ্জাক খান বলেন, মামলা দায়েরের পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করেছে।