২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে গোপালগঞ্জে জেঁকে বসেছে শীত

গোপালগঞ্জে ঘন কুয়াশা ও গুঁড়িগুঁড়ি বৃষ্টির সঙ্গে হাঁড় কাঁপানো শীত জেঁকে বসেছে। 

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2019, 02:32 PM

Updated : 10 Oct 2022, 09:49 PM

বৃহস্পতিবার সকাল থেকেই গোপালগঞ্জের তাপমাত্রা কমতে শুরু করে; দুপুরে বৃষ্টির পর জোরে হিমেল হাওয়া বইতে শুরু করলে শীতের তীব্রতা বেড়ে যায়। 

প্রচণ্ড ঠাণ্ডায় জেলার জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে ছিন্নমল, গরীব ও খেটে খাওয়া মানুষ।

গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, বৃহস্পতিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।  

“বেলা সাড়ে ১২টার পর থেকে শহরসহ জেলার অধিকাংশ স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। শুক্রবারও একই অবস্থা থাকবে। শনিবার মেঘ কেটে যাওয়ার পর শীত আরও বাড়বে।”    

শীতে জেলায় ঠাণ্ডা ও শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ বেড়েছে; শিশু ও বৃদ্ধরা চিকিৎসা নিতে হাসপাতালতে ভিড় করছে।

ঘন কুয়াশার কারণে মহাসড়কসহ বিভিন্ন সড়কে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।