শৈত্যপ্রবাহে গবাদি পশুর নিউমোনিয়ার শঙ্কা
কনকনে শীতে গবাদিপশুর নিউমোনিয়াসহ নানা রোগ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বগুড়ার এক পশু চিকিৎসক।
বগুড়া জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম বলেন, প্রচণ্ড শীতের এ অবস্থা বিরাজ করলে, গবাদি পশুর বিশেষ করে বাচ্চাগুলোর নিউমোনিয়া আক্রান্ত হতে পারে।
“বদহজম সমস্যায় ভুগতে পারেও এসব প্রাণি।”
শনিবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন ১০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। আগের দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চূয়াডাঙ্গায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর রাজশাহী, পাবনা, নওগাঁ, কুড়িগ্রাম, নীলফামারী, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইছে জানানো ছাড়াও সময়ের সাথে সাথে শৈত্যপ্রবাহের বিস্তার বাড়ছে বলেও জানিয়েছিল। রোববার পর্যন্ত শৈত্যপ্রবাহ পরিস্থিতি চলতে পারে বলেছিলেন জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ওমর ফারুক।
এ শীত থেকে রক্ষায় চটসহ গরম কাপড় দিয়ে গবাদিপশুর শরীর ঢেকে রাখার পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক। এছাড়া খাবার সমস্যার সমাধান হিসেবে তিনি বাজার থেকে দানাদার খাদ্য কিনে খাওয়াতে পরামর্শ দিয়েছেনও।
এ শৈত্যপ্রবাহের প্রভাবে গত চারদিন ধরে বগুড়ায় প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। সূর্যর দেখা মেলেনি জেলার অনেক জায়গায়। এতে গবাদি পশুও ভুগছে শুরু করেছে বলে জানিয়েছেন জেলার কয়েকটি গ্রামের চাষিরা।
পরিস্থিতি মোকাবেলায় কাথা, কম্বল, ছালার চট ও টিশার্ট যার যা আছে তা গবাদির শরীরে পরিয়ে দিয়েছেন তারা।
বগুড়ার যমুনার চর, বিভিন্ন খামার ও গ্রামে খোঁজ নিয়ে জানা যায়, সারিয়াকান্দির চরঞ্চল ধারাবর্ষা, আওলাকান্দি, বোহাইল এবং ধুনটের বৈশাখী, বথুয়ার ভিটা এবং রাধানগরের কৃষকরা গবাদি পশু নিয়ে সমস্যায় রয়েছেন।
এছাড়াও ধুনটের চিথুলিয়া, জোড়খালী, সোনাহাটার লোকজনও একই কথা বলছেন।
ছয়টি গরুর মালিক ধুনট উপজেলার চিথুলিয়া গ্রামের তরিকুল ইসলাম জানান, শীতের কারণে তার গরুগুলো ঠিকমত খাচ্ছে না। ঠাণ্ডায় কষ্ট পাওয়ায় গায়ে কাথা, চট দিয়ে গরুর শরীর ঢেকে রেখেছেন।
বৈশাখী চরের কৃষক ভুলু শেখ জানান, গত কয়েক দিনের ঘন কুয়াশা ও যমুনা নদীর ঠাণ্ডা বাতাসের কারণে চরের মানুষ মাঠে যেতে পারছেন না। তাই গরুগুলোও বের করা সম্ভব হচ্ছে না।
চট গায়ে দিয়ে রাখা গবাদিপশুকে গোয়ালেই খাবার দেওয়া হচ্ছে। এমন শীত আরো কয়েকদিন থাকলে তাদের গরু-ছাগল নিয়ে সমস্যায় পড়তে হবে শঙ্কা তাদের।
মবুয়াখালি গ্রামের আলিম মিয়া জানান, শীতে অবস্থা বেগতিক হয়ে পড়ায় তার ছেলের টিশার্ট ছাগলের গায়ে পরিয়ে দিয়েছেন।
সারিয়াকান্দি উপজেলার ধারাবর্ষা, বোহাইল, আওলাকান্দি ও বথুয়ার ভিটায় একই চিত্র।
সারিয়াকান্দির দেবডাঙ্গার কৃষক রফিকুল ইসলাম জানান, তার বাড়িতে পাঁচটি গরু ও সাতটি ছাগল রয়েছে।
“শীতে এসব গবাদিপশু দুর্বল হয়ে গেছে। ঠিকমত খাচ্ছে না।”
আশপাশের কৃষকদের মত তিনিও গবাদি পশুগুলো অসুস্থ হবার শঙ্কায় ভুগছেন।
এরকম তীব্র শীতে ইনফেকশনে আক্রান্ত পশুর রোগের প্রকোপ বাড়তে পারে বলে সতর্ক করেছেন বগুড়ার এ পশুচিকিৎসক। সেজন্য শীত থেকে গবাদিপশুকে রক্ষায় ব্যবস্থা নিতে বলেছেন তিনি।
