শিক্ষককে ‘হত্যার হুমকি’, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে বহিষ্কার
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক ছাত্রকে আজীবন বহিষ্কার করেছে প্রশাসন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত এস এম অলি উল্লাহ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী।
অর্থনীতি বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক খসরু আলমের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়, গত ১২ ডিসেম্বর অর্থনীতি বিভাগের সভাপতি খসরুল আলমকে মোবাইল ফোনে দুই দফায় পিটিয়ে মেরে ফেলার হুমকি দেন এস এম অলি উল্লাহ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক নূরউদ্দিন আহমেদ বলেন, ওই শিক্ষককে হত্যার হুমকির বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই ছাত্রকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।
